ব্রাজিল বিশ্বকাপ ২০১৪

টিকেট বিক্রি শুরু ২০ আগস্ট

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২২:২৩
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা শুক্রবার জানিয়েছে ২০১৪ সালের বিশ্বকাপের জন্য ১২টি ব্রাজিলিয়ান শহরে আগামী ২০ আগস্ট থেকে নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে তারা টিকেট বিক্রি শুরু করবে। বিশ্বকাপ শুরু হবার ৩৩০ দিন আগে সাও পাওলোতে এ সংক্রান্ত ঘোষণা দিল ফিফা। এ সম্পর্কে ফিফার মার্কেটিং পরিচালক থিয়েরি ওয়েইল বলেছেন চার ধরনের ক্যাটাগরিতে তিনটি পর্বে প্রায় তিন মিলিয়ন টিকেট বিক্রির পরিকল্পনা তাদের রয়েছে। প্রথম পর্বে ২০ আগস্ট থেকে ১০ অক্টোবরের মধ্যে সকলের জন্য কিছু টিকেট উন্মুক্ত করে দেয়া হবে। প্রথমবার বাছাই শেষে নভেম্বরের ৫-২৮ তারিখের মধ্যে টিকেটগুলো নির্ধারিত ব্যক্তিদের হাতে তুলে দেয়া হবে। একই প্রক্রিয়ায় দ্বিতীয় পর্বের টিকেট বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি। এখানে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ২৬ ফেব্রুয়ারি থেকে ১ এপ্রিলের মধ্যে টিকেটগুলো হস্তান্তর করা হবে। শেষ মিনিটে বিক্রির মাধ্যমে তৃতীয় ও চূড়ান্ত পর্বটি সম্পন্ন করা হবে ১৫ এপ্রিল থেকে ফাইনালের দিন অর্থাত্ ১৩ জুলাই পর্যন্ত। ওয়েইল আরো জানিয়েছেন ৭ লাখ ১ হাজার ৭৯টি টিকেট আন্তর্জাতিক সমর্থক ও ব্রাজিলিয়ানদের জন্য বরাদ্দ থাকবে। এছাড়া আরো ৫ লাখ টিকেট বিশেষভাবে শুধু ব্রাজিলিয়ানদের জন্য সংরক্ষিত থাকবে। এর মধ্যে রয়েছে ছাত্র-ছাত্রী, বয়স্ক এবং নিম্নআয়ের মানুষের জন্য ছাড়ের টিকেট। সরকারি এবং স্টেডিয়াম নির্মাণ শ্রমিকদের জন্য সৌজন্যমূলক কিছু টিকেটের ব্যবস্থা থাকবে। ওয়েইল জানিয়েছেন প্রথমবার ব্রাজিলের মাটিতে আয়োজিত ১৯৫০ সালের বিশ্বকাপের পরে এই নিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপের টিকেটে ছাড় দেয়া হচ্ছে। ব্রাজিলের উপ-ক্রীড়ামন্ত্রী লুইস ফার্নান্দেজ জানিয়েছেন ব্রাজিলিয়ান আইনের মধ্যে থেকে ফিফা টিকেট বিক্রির যে পদ্ধতি অনুমোদন করেছে তাতে তাদের বিপুল পরিমাণ লাভও হচ্ছে। আন্তর্জাতিক ক্যাটাগরিতে টিকেটের মূল্য গ্রুপ পর্বে ৯০ ডলার থেকে শুরু হয়েছে। শুধু উদ্বোধনী ম্যাচে এর মূল্য ধরা হয়েছে ২২০ ডলার। ১৩ জুলাই রিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচটির টিকেটই এবারের আসরে সবচেয়ে মূল্যবান টিকেট যার মূল্য প্রায় ৯৯০ মার্কিন ডলার। ব্রাজিলিয়ান অভিবাসীদের জন্য সবচেয়ে সস্তার টিকেটটি হচ্ছে গ্রুপ পর্বের ম্যাচের জন্য মাত্র ১৫ ডলার। আর তাদের জন্য ফাইনালের টিকেট ধার্য্য করা হয়েছে ৮৩ ডলার। এক সংবাদ সম্মেলনে ওয়েইল জানিয়েছেন, ‘গত মাসে অনুষ্ঠিত কনফেডারেশন কাপের টিকেট বিক্রির উপর ভিত্তি করে তারা বিশ্বকাপেও বিপুল পরিমাণ টিকেট বিক্রির আশা করছেন। দারুণ সফলভাবে ব্রাজিলে আয়োজিত কনফেডারেশন কাপে সব মিলিয়ে ৮ লাখ ৪ হাজার ১২২টি টিকেট বিক্রি হয়েছে। আমার দেখামতে ফাইনালটি ছিল টুর্নামেন্টের সেরা ম্যাচ।’ তবে সবকিছুর পরে বিশ্বকাপের আগে স্টেডিয়াম নির্মাণ নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছে তা অনেককেই ভাবিয়ে তুলছে। খোদ ফিফা সভাপতি সেপ ব্ল¬াটারও ব্রাজিলে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে এখন দ্বিমত পোষণ করছেন। তবে ব্রাজিলের বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান নির্বাহী রিকার্ডো ট্রেড জানিয়েছেন কনফেডারেশন কাপে যা হয়েছে তার কোন আশঙ্কা এখানে নেই। এই ব্যাপারে দ্বিতীয় কোন চিন্তারও অবকাশ নেই। নির্ধারিত সময়েই সব ভেন্যু প্রস্তুত হবে এবং ম্যাচও মাঠে গড়াবে। - বাসস/এএফপি