গতকাল শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রচণ্ড বৃষ্টিপাতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। শনিবার বেলা ১১টার পর টানা চার ঘণ্টা ধরে ভারি বৃষ্টিপাতের ফলে প্রায় সব রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। ফলে অধিকাংশ ট্রাফিক সিগন্যাল বিকল হয়ে পড়ে। একদিকে জলমগ্ন সড়ক অন্যদিকে ট্রাফিক সিগন্যাল বিকল হয়ে পড়ায় রাস্তার মোড়ে মোড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়। আইটিও, লক্ষ্মীনগর, মোতিবাগ, কাশ্মির গেট, মুনরিকা, দ্বারকা ও ধৌলা কুয়ান এলাকায় সবচেয়ে ভয়াবহ যানজট তৈরি হয়। এছাড়া রাস্তার মাঝখানেই বিকল হয়ে পড়ে বহু যানবাহন। এভাবে নগরজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। খবর এনডিটিভির।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে দিল্লি¬ পুলিশের পক্ষ থেকে মথুরা রোড, ওল্ড ফোর্ট এবং কারকারডুমা মেট্রো স্টেশন ব্যবহার না করার পরামর্শ দেয়া হয়। টুইটারে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ইন্দিরা গান্ধী বিমানবন্দরেও পানি জমে গেছে। এছাড়াও বিভিন্ন মেট্রো স্টেশনে পানি জমেছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন মালবিয়ানগর স্টেশন বন্ধ করে দেয়। রাস্তায় পানি জমে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে। পানি ভেঙ্গেই হেঁটে যাত্রীদের চলাচল করতে দেখা যায়। নগরীর অনেক বাড়িঘরে পানি প্রবেশ করে।
