বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র হচ্ছে :নাসিম

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২৩:১০
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গিদের প্রশ্রয় দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র হচ্ছে। যুদ্ধাপরাধীদের দল জামায়াত এখন বিএনপিকে পরিচালিত করছে। এদের সঙ্গে নিয়ে তারা পুনরায় ক্ষমতায় আসতে পারলে দেশ যে তালেবানি ও জঙ্গিবাদি রাষ্ট্রে পরিণত হবে তাতে কোন সন্দেহ নেই। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে গতকাল শনিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে জনগণের ম্যান্ডেট পেয়েছেন। তার প্রতিশ্রুতির প্রতি আস্থাবান হয়েই জনগণ বিপুল ভোটে মহাজোটকে নির্বাচিত করেছিল। বর্তমান সরকারের আমলেই মানবতা বিরোধী অপরাধের রায় বাস্তবায়িত হবে। তিনি আরো বলেন, দেশ ও বিদেশে বর্তমান সরকারের উদ্যোগে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া প্রশংসিত হলেও বিএনপি কোনো প্রতিক্রিয়া না জানিয়ে নিশ্চুপ থাকছে। এর ফলে যুদ্ধাপরাধী দলের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়া যাচ্ছে। আগামী সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করে সুখী, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ধারাবাহিকতা অব্যাহত রাখতে মোহাম্মদ নাসিম তার বক্তব্যে সকলের কাছে আহ্বান জানান। ইফতার মাহফিলে মোস্তাফিজুর রহমান বিএসসির সভাপতিত্বে প্রকৌশলী তানভির শাকিল জয় এমপি, প্রফেসর ডা হাবিবে মিল্লাত মুন্না, আবু ইউসুফ সূর্য, আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া প্রমুখ বক্তব্য রাখেন।