রাসিকের সঙ্গে পাওয়ার চায়নার সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর

আপডেট : ১৩ মে ২০১৯, ২২:০৩

মাস্টারপ্ল্যান হচ্ছে রাসিকের

স্টাফ রিপোর্টার, রাজশাহী

মাস্টারপ্ল্যান তৈরি করে রাজশাহীর বিভিন্ন খাতে উন্নয়নের লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ও চায়নার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার চায়নার মধ্যে সমঝোতা স্মারক চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রবিবার নগরভবন সভাকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাসিকের পক্ষে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও পাওয়ার চায়নার পক্ষে প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মি. হান কুন সমঝোতায় সই করেন।

রাসিক সূত্রে জানানো হয়েছে, উক্ত সমঝোতার মাধ্যমে উন্মোচন হয়েছে মাস্টারপ্ল্যানে রাজশাহীর উন্নয়নের ব্যাপক সম্ভাবনার দ্বার। ৫০ বছর দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যানটি বাস্তবায়ন হতে শুরু করলে পাল্টে যাবে পুরো রাজশাহীর চিত্র। সমঝোতা অনুযায়ী আগামী তিন বছরের মধ্যে আটটি খাতকে সামনে রেখে মাস্টারপ্ল্যান তৈরি করবে পাওয়ার চায়না। খাতগুলো হচ্ছে, প্রথমত পদ্মা নদীর ধারে শহর রক্ষা বাঁধ নির্মাণ করে সেখানে গড়ে তোলা হবে স্যাটেলাইট টাউন, বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা; দ্বিতীয়ত: বিশ্বমানের বিশেষায়িত হাসপাতাল স্থাপন; তৃতীয়ত: ইকোপার্ক তৈরি; চতুর্থত: সাইন্সসিটি তৈরি; পঞ্চমত: হযরত শাহ্ মখদুম বিমানবন্দর সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়ন এবং টেকনিক্যাল সুবিধা বাড়ানো; ষষ্ঠত: সুয়ারেজ ড্রেনেজ ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন; ৭তম: নগর পরিবহন ব্যবস্থার উন্নয়ন, এর মধ্যে রয়েছে গণপরিবহন, রাস্তা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল ও ফ্লাইওভার এবং ৮তম; আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ আবাসিক এলাকা গড়ে তোলা।

অনুষ্ঠানে মেয়র লিটন বলেন, আগামী ৫০ বছরের জন্য এই পরিকল্পনা। বতর্মান সিটি করপোরেশনের আয়তন বর্ধিত করে প্রায় ৪১০ বর্গকিলোমিটার করা হবে। এ বৃহত্ এলাকার মানুষকে নগরের সুযোগ-সুবিধা চিহ্নিত ও আটটি খাতকে সামনে রেখে মাস্টারপ্ল্যান তৈরি করে দেবে পাওয়ার চায়না।