দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেন, ৭১-এ স্বাধীনতা বিরোধীদের ভূমিকা বাংলার মানুষ এখনো ভুলে যায়নি। বিএনপি সরকার সেই স্বাধীনতা বিরোধীদের গাড়িতে পতাকা তুলে দিয়ে এই জাতিকে করেছে কলঙ্কিত। স্বাধীনতা বিরোধীদের হাতে দেশ নিরাপদ হতে পারে না। তাই এই নির্বাচনে স্বাধীনতার বিরোধী শক্তিকে পরাজিত করে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে আপনারা আন্তরিকভাবে কাজ করবেন এটা আমার বিশ্বাস।
মঙ্গলবার দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুরস্থ ত্রাণমন্ত্রীর নিজ বাসভবন আঙ্গিনায় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেছেন। সাবেক চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদুল আলম রব এর সভাপতিত্বে ও সাবেক মতলব উত্তর উপজেলা কমান্ডার মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রিয় আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা হাসান ইমাম, মুক্তিযোদ্ধা এসএম আব্দুর রশিদ সরকার, মুক্তিযোদ্ধা অ্যাড. মাইনুল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার গোলাম মোস্তফা রতন, সাবেক কমান্ডার শহীদ উল্যাহ সায়েদ, মুক্তিযোদ্ধা জয়নাল প্রধান প্রমুখ।
