আত্রাইয়ে প্রসূতির মৃত্যু

মাত্র ৬০ হাজার টাকায় দফারফা

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২১:৩৭
নওগাঁর আত্রাইয়ে একটি ক্লিনিকে ভুল চিকিত্সায় প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ক্লিনিক ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করে ক্লিনিক ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় আত্রাই থানার প্রাচীর সংলগ্ন সুনাম ক্লিনিকে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার খোর্দ্দবোয়ালিয়া গ্রামের বিদ্যুত্ হোসেনের স্ত্রী ফাহিমা বেগমকে (২৫) সিজারের জন্য ওই ক্লিনিকে ভর্তি করানো হয়। ক্লিনিকে অপারেশন বিষয়ে অভিজ্ঞ ও দক্ষ কোন ডাক্তার না থাকলেও প্রতিবেশী একজন এমবিবিএস ডাক্তারকে সিজারের জন্য আনা হয়। সন্ধ্যায় অপারেশন থিয়েটারে নিয়ে প্রসূতি ফাহিমাকে একটি ইনজেকশন দিলে সে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। এদিকে প্রসূতির মৃত্যুর সাথে সাথে ডাক্তার ও ক্লিনিকের অন্যরা পালিয়ে যায়। এ সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ক্লিনিক ঘেরাও করে ভাংচুর করতে থাকে। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রসূতির পরিবারের একজন সদস্য জানান- প্রভাবশালী মহলের তদবিরে থানার ভেতর বসে মাত্র ৬০ হাজার টাকার বিনিময়ে আমাদেরকে আপোষ করতে বাধ্য করেছে। এ ব্যাপারে সুনাম ক্লিনিকের পরিচালক নূরুজ্জামান উজ্জল বলেন, প্রসূতি ভুল চিকিত্সায় নয় বরং স্ট্রোক করে মারা গেছেন। ক্লিনিকটির বৈধ কোন কাগজপত্র আছে কি না বিষয়টি জানতে চাইলে নওগাঁর সিভিল সার্জন ডা. আলাউদ্দীন বলেন, দু’একদিনে মধ্যে ক্লিনিকগুলো ভিজিট করা হবে।