ভাঙ্গুড়ায় প্রধান শিক্ষিকা বরখাস্ত

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২১:৩৮
উপজেলার করতকান্দি রোস্তম আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষিকা শামীম আরা পারভীনকে বরখাস্ত করেছে। বহিষ্কৃত শিক্ষিকা জানান, স্টাফ প্যাটার্ন বহির্ভূত সামাজিক বিজ্ঞানে একজন সহকারী শিক্ষক নিয়োগের জন্য গত ১৬ জানুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি সভাপতি নিজে পত্রিকায় অসামঞ্জস্যপূর্ণ দু’টি বিজ্ঞপ্তি দেন। এ বিষয়ে তিনি আপত্তি জানালে গত ৬ এপ্রিল ম্যানেজিং কমিটির সভা চলাকালে অভিভাবক সদস্য আনিসুর রহমান নোটসিট, নোটিস খাতা ও স্বাক্ষরযুক্ত রেজ্যুলেশন বই ছিনিয়ে নেন। এ ব্যাপারে প্রধান শিক্ষিকা ভাঙ্গুড়া থানায় একটি জিডি করেন। এরপর গত শুক্রবার সভাপতি আছাদুর রহমান তার নিজ এক্তিয়ার বলে প্রধান শিক্ষিকাকে বরখাস্ত করেন। প্রধান শিক্ষিকা তার বরখাস্তের প্রতিবাদে রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যানের নিকট আবেদন করলে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক গত ৬ মে সভাপতির অবৈধ বরখাস্তের আদেশ স্থগিতের নির্দেশ দেন। কমিটির সভাপতিও বোর্ড চেয়ারম্যানের কাছে পাল্টা আবেদন করলে তদন্তের জন্য পাবনা জেলা শিক্ষা অফিসার কতুবউদ্দিনকে নির্দেশ দিলে তিনি সরেজমিন তদন্ত করে রিপোর্ট দেন। এতেও প্রধান শিক্ষিকার সাময়িক বরখাস্তাদেশ অবৈধ ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। সভাপতি আছাদুর রহমান এ প্রসঙ্গে বলেন, বোর্ডের আদেশের বিরুদ্ধে তারা আদালতে যাবেন এবং অনিয়মের কারণে প্রধান শিক্ষিকাকে স্থায়ী বরখাস্তের আদেশ দেয়া হয়েছে। প্রধান শিক্ষিকা শামীম আরা পারভীন জানান, বোর্ডের আদেশের পরও তার সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার করা হয়নি বরং শুক্রবার সভাপতি স্বাক্ষরিত স্থায়ী বরখাস্তের একটি আদেশ তার হাতে ধরিয়ে দেয়া হয়। তিনি আরো জানান, সভাপতির নিয়োগ বাণিজ্যে সহযোগিতা না করায় তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে এই আদেশ দিয়েছেন।