ক্লাবগুলোর নানা শর্ত

ফুটবল মৌসুম শুরু করা নিয়ে শংকা

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২২:০৩
ফুটবল মৌসুম এলেই ক্লাবগুলো নানা শর্ত নিয়ে হাজির হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে। এ কারণেই আগামি মাসে ফুটবল মৌসুম শুরুর কথা থাকলেও বাস্তবে মাঠে বল গড়াবে কিনা তা নিয়ে শংকা দেখা দিয়েছে। এ শংকার কারণ গত শনিবার বাফুফের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিনের সাথে ক্লাবগুলো বৈঠকে আগামি মৌসুমের আগে কিছু শর্ত পুরণের আবদার। পেশাদার ক্লাবগুলোকে লিগে ১০ লাখ টাকা দেয়া হতো, এখন সেটা বাড়ানোর দাবি জানিয়ে বলা হয়েছে ২০ লাখ টাকা করে দিতে হবে। ক্লাবগুলো ঢাকার বাইরে খেলতে যেতে চায় না। তারা জানিয়েছে ঢাকার বাইরে খেলতে গেলেও সুযোগ সুবিধা বাড়াতে হবে। নিয়মানুযায়ি পেশাদার ক্লাবগুলো রাজধানির বাইরে খেলতে গেলে নিজেদের খরচে যাওয়া আসা করে, সেই সাথে থাকা খাওয়াসহ অন্যান্য চাহিদা মেটায় নিজেদের অর্থে। স্বাগতিক ক্লাব অতিথি দলের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে। ক্লাবগুলো এখন এর পরিবর্তে ঢাকার বাইরের খেলতে যাওয়ার ক্ষেত্রে সব সুযোগ সুবিধা দেয়ার দাবি তুলেছে। অপরাপর শর্তগুলোর মধ্যে আছে- লিগ কমিটি এবং রেফারিজ কমিটির পুনর্গঠন। ক্লাবগুলো বাফুফে সভাপতির কক্ষে আলোচনায় বসেছিল। সেখানে দীর্ঘ সময় চলে এই আলোচনা। সূত্র জানায় এসব দাবি-দাওয়া নিয়ে উত্তপ্ত বাক্য বিনিয়মও হয়েছে কিছুটা। শেষ পর্যন্ত অবশ্য কোন সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে গতকাল বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন জানান ক্লাবগুলোর চাওয়া নিয়ে আলোচনা হবে বাফুফের সভায়। তিনি চান পেশাদার লিগের খেলা রাজধানির বাইরেও হোক। তাতে ক্লাবগুলো যদি এ নিয়ে বিভিন্ন দাবি তুলে তাহলে এক দিনেই সে সিদ্ধান্ত দেয়া কঠিন। বাফুফের সভাপতির কাছে ক্লাবগুলোর আরেকটি দাবি হলো এক খেলোয়াড়ের দুই ক্লাব থেকে আগাম পারিশ্রমিক নেয়ার কারণে সংশ্লিষ্ট ক্লাবগুলোর মধ্যে যে টানাপোড়েন হয় তার সুরাহা করা। এটি বন্ধের জন্য কড়া আইন করতে বাফুফে সভাপতির কাছে অনুরোধ জানিয়েছে ক্লাবগুলো।