দলের অন্যতম মূল খেলোয়াড়, ইনজুরির কারণে গত মৌসুমের অনেকটা সময় মাঠের বাইরে না থাকলে হয়তো তার কাঁধেই থাকতো অধিনায়কের দায়িত্ব। অথচ চেলসি দলে কি না সেই জন টেরিরই কোন ভবিষ্যত্ নেই। শুনলে রীতিমতো ধাক্কা খাওয়ার মতো একটা ব্যাপার; কিন্তু কথাটা যখন বলেছেন ক্লাবের নতুন কোচ হোসে মরিনহো তখন ব্যাপারটাকে পুরোপুরি উড়িয়ে দেয়ার কোন উপায় থাকছে না। টেরির ভবিষ্যত্ নিয়ে কথা বলতে গিয়ে মরিনহো বলেন, ‘সে নিরাপদ নয়, আর সে নিজেও ব্যাপারটা জানে। টেরি আর আমার বন্ধুত্ব অবশ্যই আগের মতো আছে। তবে পেশাদারিত্ব আর বন্ধুত্ব ব্যাপারটাকে মেলালে ভুল হবে। আমি জানি সে ভাল খেলোয়াড়; কিন্তু দলের অন্য সবার মতো তাকেও নিজেকে প্রমাণ করতে হবে।’ ৩২ বছর বয়সী ডিফেন্ডারের সাথে আরো এক বছরের চুক্তি বাকি আছে চেলসির। আর নিজেকে প্রমাণের একটা সুযোগ মরিনহোর কাছ থেকে পাচ্ছেন টেরি, ‘তাকে অনেক পরিশ্রম করতে হবে। ক্লাবের জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এরপরই ক্লাব তার ব্যাপারে কোন সিদ্ধান্তে আসতে পারবে।’
