অনির্বাচিত কারো হাতে আওয়ামী লীগ ক্ষমতা তুলে দেবে না :নাসিম

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২৩:২০
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে যেভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশেও আগামী নির্বাচন সেভাবেই অনুষ্ঠিত হবে। কোন অনির্বাচিত মহলের হাতে আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করবে না। বিরোধী দলীয় নেত্রী অতীত থেকে শিক্ষা নিতে পারেননি, তাই তিনি এখনও তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য নানা পাঁয়তারা করছেন। মিথ্যাচার করে চার সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরাজিত করা হলেও একথা প্রমাণিত হয়েছে যে, শেখ হাসিনার দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। এই নির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকারের দাবি যৌক্তিকতা হারিয়েছে। যিনি যত কথাই বলুন না কেন, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই অর্ন্তবর্তী সরকারের অধীনে হবে ও শেখ হাসিনাই সেই সরকারের প্রধান থাকবেন। মোহাম্মদ নাসিম গতকাল রবিবার সিরাজগঞ্জ শহরের নিজস্ব বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় জেলা আওয়ামী লীগ নেতা লুত্ফর রহমান দিলু, ফারুক আহমেদ, হীরালাল, প্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি মইনউদ্দিন খান চিনু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জেহাদ আল ইসলাম, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় নেতা ও সিরাজগঞ্জ জেলার সভাপতি ফজল-এ-খোদা লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।