ঈশ্বরদীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদীর দুইটি সরকারি খাদ্য গুদামে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি। সোমবার সকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ঈশ্বরদী এলএসডি ও মুলাডুলি সিএসডি খাদ্যগুদামে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মদ হোসেন ভুঁইয়া। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী, মুলাডুলির ম্যানেজার ওমর ফারুক, চাল কল মালিক সাধারণ সম্পাদক জুলমত হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন। চলতি বোরো মওসুমে সরকার ঈশ্বরদীর দুইটি গুদামে ১৭ হাজার ৭৯৬ মেট্রিক টন বোরো চাল সংগ্রহ করবে।
ঝালকাঠিতে ইয়াবাসহ নারী গ্রেফতার
ঝালকাঠি প্রতিনিধি ঢাকা থেকে সড়ক পথে ঝালকাঠি হয়ে পাথরঘাটা যাওয়ার সময় ৮৬৬ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে রেনু বেগম নামে এক নারী। রবিবার রাত ৩টার দিকে ঢাকার বনফুল পরিবহনে ইয়াবাসহ ঝালকাঠি থেকে যাবার পথে পুলিশ তাকে গ্রেফতার করে।
গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েনের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম এই পরিবহনে অভিযান চালায়। ঝালকাঠি পেট্রোল পাম্প মোড়ে গাড়ি থামিয়ে এ অভিযান চালানো হয়। এসময় রেনু বেগমের দেহ তল্লাশি করে পলিথিন ও কাপড়ে বাঁধা ৮৬৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় ঝালকাঠি থানার এসআই নাজমুল বাদী হয়ে রেনু বেগমের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গির আলম।
