ঢাবির শামসুন্নাহার হলে উত্সব
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
মেহেদির রঙে দুই হাত রাঙাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ছাত্রীরা। গতকাল সোমবার হলের খেলার কক্ষে আয়োজিত হয় এলিট মেহেদি উত্সব ও প্রতিযোগিতা। প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতর উপলক্ষে এ উত্সব ও প্রতিযোগিতার আয়োজন করে ‘ঢাকাবাসী’ নামে একটি সামাজিক সংগঠন।সরেজমিন দেখা যায়, হলের খেলার কক্ষের মেঝেতে জোড়ায় জোড়ায় বসে মনোযোগ দিয়ে মেহেদি দিয়ে হাত রাঙাচ্ছেন শিক্ষার্থীরা। কেউ আঁকছেন ফুল, কেউবা আল্পনা। হাতের তালু থেকে শুরু করে বাহু পর্যন্ত শোভা পাচ্ছে মেহেদির দৃষ্টিনন্দন রঙ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা। সভাপতিত্ব করেন ঢাকাবাসীর সভাপতি ও ঢাকা ঈদ উত্সব উদযাপন পরিষদের আহ্বায়ক মো. শুকুর সালেক। এছাড়া সম্মানিত অতিথি ছিলেন শামসুন্নাহার হল ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) শেখ তাসনিম আফরোজ ইমি ও সাধারণ সম্পাদক (জিএস) আফসানা ছফা।
অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা বলেন, দেশীয় ঐতিহ্যকে তুলে ধরতে ঢাকাবাসী কাজ করে আসছে। দেশের সংস্কৃতি-ঐতিহ্যকে জীবন্ত করে রাখতে আয়োজন করছে বিভিন্ন উত্সবের। ঘুড়ি উত্সব, ফল উত্সব, পিঠা উত্সবের মতো মেহেদি উত্সব আমাদের ঐতিহ্যবাহী একটি সাংস্কৃতিক উত্সব। আমাদের সংস্কৃতিতে হাতে মেহেদি দেওয়া একটি আনন্দের অনুষঙ্গ।
