ফেনী-গাজীরহাট-সোনাইমুড়ী সড়কটিকে মহাসড়কে উন্নীত করুন

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২১:৩৭
নোয়াখালী জেলার সোনাইমুড়ী থেকে কানকিরহাট, গাজীরহাট, রাজাপুরবাজার হয়ে ফেনী পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাইপাস সড়ক। ৩০ কিলোমিটার দীর্ঘ সওজ-এর এই সড়ক দিয়ে খুব সহজেই ফেনী থেকে সোনাইমুড়ী আসা যায় এবং সোনাইমুড়ী থেকে চাটখিল-রামগঞ্জ-কচুয়া-গৌরিপুর অর্থাত্ দাউদকান্দি পৌঁছা যায় বলে সড়কটিকে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা গেলে চৌদ্দগ্রাম কুমিল্লা না দিয়েও খুব সহজে এবং অল্প সময়ে ঢাকায় পৌঁছা যাবে। আর তাছাড়া ফেনী থেকে সোনাইমুড়ী হয়ে লাকসাম দিয়েও কুমিল্লা পৌঁছা যাবে এই রাস্তা দিয়ে। তাই সড়ক ও জনপথ নোয়াখালী সার্কেলের আওতাধীন সড়কটিকে আঞ্চলিক মহাসড়কে রূপান্তরিত করে অর্থাত্ ঐ সড়কের দু’পাশ আরো প্রশস্ত করা হলে বড় বড় বাস-ট্রাকসহ সবরকম বাহন চলাচল করতে পারবে। আর এতে কুমিল্লা, চান্দিনা, চৌদ্দগ্রাম সড়কে যানজটও বহুলাংশে হ্রাস পাবে। ফেনী-সোনাইমুড়ী সড়কের ছাতারপাইয়া বাজারের পশ্চিমাংশে অবস্থিত সরু জরাজীর্ণ বেইলি ব্রিজটি ভেঙে স্থায়ী সেতু নির্মাণও অপরিহার্য হয়ে পড়েছে। সুতরাং ছাতারপাইয়া বাজারের বেইলি ব্রিজ নির্মাণ এবং ফেনী সোনাইমুড়ী সড়ককে দু’পাশে প্রশস্ত করে আঞ্চলিক মহাসড়কে রূপান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এম আবু সাইদ, মাইজদী কোর্ট, নোয়াখালী