পরিবেশ দূষণের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে ১ কোটি ৭৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার ৫টি প্রতিষ্ঠানের মালিককে ও প্রতিনিধিদের পরিবেশ অধিদপ্তরে তলব করে পরিচালক মো. আলমগীরের নেতৃত্বে শুনানি শেষে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য এই জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে কারখানার ডাইং, ফিনিশিং ইউনিট হতে সৃষ্ট তরল বর্জ্য ইটিপির মাধ্যমে পরিশোধন না করে বাইপাস ড্রেনের মাধ্যমে রোডস অ্যান্ড হাইওয়েজের বরোপিঠে (যা পরবর্তীতে কর্ণপাড়া হয়ে ধলেশ্বরী নদীতে গিয়ে পতিত হচ্ছে) নির্গমন করার দায়ে পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজকে ১ কোটি ৫২ লাখ টাকা, ইটিপি বন্ধ রেখে ডাইং কারখানার পানি সরাসরি তুরাগ নদীতে ফেলে পরিবেশ দূষণের দায়ে জে. কে ফেব্রিক্সকে ৫ লাখ টাকা ও একই অপরাধে লোটাস কামাল নিট ওয়্যার লিমিটেডকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, গাজীপুরে অবস্থিত ইটিপি ছাড়াই ডাইং কারখানা পরিচালনা করে পরিবেশ দূষণের দায়ে এডমিরাল ডেনিম ওয়াশিং লিমিটেডকে ৮ লাখ টাকা ও এফ জি এস লন্ডি লিমিটেডকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
শুনানিতে প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত মালিক বা তাদের প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।
