ফুটবল লিগ হবে তিন রাউন্ডের!

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:২২
শুরুতে শোনা গিয়েছিল আগামী মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দলসংখ্যা বাড়বে। কিন্তু শেষ পর্যন্ত তা হল না। তবে ম্যাচ বেড়ে যাচ্ছে অনেক। কারণ, ফুটবল লিগ কমিটি সিদ্ধান্ত নিয়েছে আগামী মৌসুম থেকে তিন লেগের লিগ হবে; মানে প্রতিটি দল পরস্পরের বিপক্ষে ৩ বার করে খেলবে! ২০১৩-১৪ মৌসুমে ১০টি ক্লাব নিয়েই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনে প্রফেশনাল ফুটবল লিগ কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। এই সভায় অবশ্য শুধু এই একটা পরিবর্তনই এসেছে, তা নয়। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এর আগে লিগ নিয়ে যেসব পরিবর্তনের কথা বলেছিলেন, তার কিছুই কার্যকর হয়নি সভায়। ভেন্যু, দল, ম্যাচের সংখ্যা কোনটাই প্রতিশ্রুতি মতো হয়নি। আগের দিন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ঘোষণা দিয়েছিলেন, ঢাকার বাইরে চট্টগ্রাম, যশোর ও সিলেটে লিগের ভেন্যু হবে। কিন্তু সোমবার ফুটবল ভবনে নির্বাহী কমিটির জরুরী সভায় যশোর ও সিলেটকে বাদ দিয়ে গোপালগঞ্জ ও ফেনীকে বহাল রাখা হয়েছে। সেই সঙ্গে প্রস্তাবিত ১১টি দলের পরিবর্তে ১০টি দল নিয়েই বিপিএল মাঠে গড়াবে। দল বাড়লে লিগে টিকে যেত আরামবাগ। কিন্তু এখন আগামী মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগ খেলে পুনরায় পেশাদার লিগে আসতে হবে আরামবাগকে। বিপিএলের আটটি দলের সঙ্গে যোগ হবে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উঠে আসা চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা ক্লাব। পেশাদার লিগে সর্বোচ্চ পয়েন্টধারী ৬টি ক্লাব ফুটবল দলকে নিয়ে সুপারকাপ ২০১৪ অনুষ্ঠিত হবে। আগামী বছরও সুপার কাপে কোন বিদেশি ফুটবল খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে না। নয়টি ক্লাবকে নিয়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগ। এছাড়াও প্রতি বছর চ্যাম্পিয়নশীপ লিগে দুইটি ক্লাব রেলিগেশন হবে এবং দু’টি দল বাংলাদেশ প্রিমিয়ার লীগে উন্নীত হবে।