আজ কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামছে দক্ষিন আফ্রিকা। প্রথম ম্যাচের বড় হারের ধাক্কা সামলে দল আজ ভালো কিছুই করবে বলে আশাবাদী প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। অন্যদিকে লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল চাইছেন জয়ের ধারা বজায় রাখতে।
কুমার সাঙ্গাকারার বিধ্বংসী ১৬৯ রানের ইনিংসের উপর ভর করে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে লঙ্কানরা ১৮০ রানে হারায় দক্ষিন আফ্রিকাকে। তবে প্রথম ম্যাচের বাজে ফল আজকের ম্যাচে কোন প্রভাব বিস্তার করবে না বলেই মনে করছেন ভিলিয়ার্স। সিরিজে ফেরার সম্ভাবনা মোটেই শেষ হয়ে যায়নি দাবী করে তিনি বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি সিরিজ পুরোপুরি উন্মুক্ত আছে। যদি আমরা মূল পরিকল্পনায় লেগে থাকতে পারি এবং ঠিকভাবে খেলতে পারি, তাহলে আমাদের দল কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে সেটি আমি জানি। আমরা যেভাবে খেলেছি (প্রথম ম্যাচে) তাতে আমি হতাশ। তবে আমি সত্যিই বিশ্বাস করি পরের ম্যাচেই আমরা ফিরে আসবো।’
