বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, পদ্মা সেতুর দুর্নীতিবাজদের ১২ শতাংশের মধ্যে ১০ শতাংশের নাম আমরা জানি। কিন্তু বাকি দুই শতাংশের নাম এখনো প্রকাশ করা হয়নি কেন? তাদের নাম কোথায় গেল? তিনি বলেন, দেশের ব্যাংকিং ব্যবস্থা আজ মহাসংকটে। এমন একটি ব্যাংক নেই- যার হাজার কোটি টাকা লুটপাট হয়নি। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘সংলাপ না সংঘাত, নির্বাচন না ৩য় শক্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। এসময় তিনি অভিযোগ করে বলেন, চাঁদাবাজির ফলে দেশে বিনিয়োগ ব্যাহত হচ্ছে।
আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা কথায় কথায় চাঁদাবাজি করছে। পদ্মা সেতুর জন্য চাঁদাবাজি করতে যেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদেরই একজন পরকালেও চলে গেছেন।
সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অডভোকেট আহমেদ আজম খান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমীন, হেলেন জেরিন খান প্রমুখ।
