সন্তান জন্ম দিতে হাসপাতালে কেট

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:৫৮
হাসপাতালে ভর্তি হয়েছেন সন্তানসম্ভবা ব্রিটেনের ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন। গতকাল সোমবার প্রসব বেদনা নিয়ে লন্ডনের পেডিংটনে সেন্ট মেরি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। কেটের হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিন্স উইলিয়াম ও ব্রিটেনের রাজপরিবারসহ বিশ্ববাসী। গত কয়েকদিন ধরেই হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীরা কেটের অপেক্ষায় বসে আছেন। খবর বিবিসি ও হাফিংটন পোস্টের। সেন্ট মেরি হাসপাতালে কেট প্রথম সন্তানের জন্ম দেবেন। এই হাসপাতালেই প্রিন্স উইলিয়াম এবং হ্যারিকে জন্ম দিয়েছিলেন প্রিন্সেস ডায়ানা। প্রিন্সেস অ্যানেও এই হাসপাতালে তার সন্তান জন্ম দিয়েছিলেন। কেটের চিকিত্সার দায়িত্বে আছেন ডা. মারকাস সেসেল যিনি রানি দ্বিতীয় এলিজাবেথের সাবেক চিকিত্সক। তিনি স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ। তাকে সহায়তা করবেন ডা. অ্যালান ফারদিং। কেউ সরাসরি নতুন অতিথির আগমনের খবরটি জানতে পারবেন না। তবে ডাক্তার ও হাসপাতালে অবস্থানরত রাজপরিবারের সদস্যদের গতিবিধি দেখে কিছুটা আঁচ করা যাবে। নবজাতকের আগমনের খবরের একটি লিখিত মেডিক্যাল বুলেটিন নিয়ে সেন্ট মেরি হাসপাতালের মূল প্রবেশপথের বাইরে আসবেন একজন রাজ উপদেষ্টা। সেখান থেকে পুলিশবেষ্টিত গাড়িতে করে ওই উপদেষ্টা সোজা চলে যাবেন বাকিংহ্যাম প্রাসাদে। শিশুটি ছেলে না মেয়ে তা জানানো হবে রাজপরিবারের দীর্ঘদিন ধরে চলে আসা প্রাচীন রীতিতেই। বাকিংহাম প্রাসাদ প্রাঙ্গণে টাঙানো কারুকার্য খচিত একটি গাঢ় রংয়ের কাঠের ফ্রেমে রাখা হবে ঘোষণাপত্রটি। রানি ও রাজপরিবারের অন্য সদস্যরা এবং উইলিয়াম-কেট দম্পতির পরিবারের বাদবাকি সবাই নবজাতকের ব্যাপারে কিছু জানার আগে অন্যদেরকে নতুন অতিথি সম্পর্কে বিস্তারিত কিছুই জানানো হবে না। কাঠের ফ্রেমে আটকানো ফুলস্ক্যাপ কাগজটিতে কেবল শিশুটি মেয়ে না ছেলে আর তার ওজন কত এ সম্পর্কিত তথ্য ছাড়া বিস্তারিত আর কিছু থাকবে না। কাঠের ফ্রেমে প্রাথমিক ঘোষণাপত্র প্রকাশের কিছুক্ষণ পর বাকিংহাম প্রাসাদের ওয়েবসাইটে নবজাতকের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।