সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা নিখোঁজ লন্ডন প্রবাসী আব্দুল গফুরের লাশের সন্ধান সিলেটের জৈন্তাপুরে পাওয়া গেছে দীর্ঘ ১৭ মাস পর। এ ঘটনায় হত্যার সাথে জড়িত ৩ জনকে গত রবিবার আটক করেছে পুলিশ। এদিকে, জৈন্তাপুর উপজেলার মোকামটিলায় মাটি চাপা লাশের পাশে লাল পতাকা টানিয়ে পুলিশ প্রহরা বসানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গফুর ২০১৭ সনের ৮ মে আবুল কালাম তার বন্ধু জগন্নাথপুর গ্রামের নূরুল হককে সিলেট দরগা মহল্লাস্থ রাজরানী হোটেলে দেখা করার অনুরোধ করে। অন্যদিকে লন্ডন প্রবাসী আব্দুল গফুর ঐ দিন থেকে জগন্নাথপুর থেকে নিখোঁজ হন। আত্মীয়-স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে অবশেষে তাকে না পেয়ে গফুরের ভাতিজা লাল মিয়া একটি মোবাইল নাম্বার উল্লেখ করে জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি করে।
আটককৃতরা হলো- জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের অফিস সহায়ক সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর সদর বাক্ষণগাঁও উত্তরপাড়া গ্রামের আবুল কালাম আজাদ (৫২), তার জামাতা জৈন্তাপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার শিক্ষক, কুমিল্লা জেলার হোমনা থানার দত্তেরকান্দি গ্রামের আনোয়ার হোসেন (৩০) ও জৈন্তার নিজপাট মোকামটিলা গ্রামের মোঃ জুনাব আলী (৪২)।
প্রাথমিক তদন্তে পুলিশি জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঘটনার কথা স্বীকার করে এবং মাটি চাপা দেওয়ার স্থান পুলিশকে দেখিয়ে দেয়। পুলিশ স্থানটি লাল পতাকা দিয়ে চিহ্নিত করে রাখে এবং পাহারাদার নিযুক্ত করেছে। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোঃ মাইনুল জাকির জানান, ঘটনার কারণ এবং মূল রহস্য উদঘাটনে জৈন্তাপুর ও জগন্নাথপুর থানা পুলিশ ব্যাপক অনুসন্ধান চালায়। ইতোমধ্যে রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলাসহ আইনগত পদক্ষেপ গ্রহণের পাশাপশি অন্য জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আদালতের নির্দেশ পেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হবে।
