কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও সাবেক এফবিসিসিআই সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুনের যাকাতের কাপড় লুটে নিয়েছে তার দলীয় প্রতিপক্ষ গ্রুপ। গতকাল সোমবার সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ইউসুফ আবদুল্লাহ হারুনের উদ্যোগে মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের ৩১৫টি গ্রামে পহেলা রমযান থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা যাকাতের কাপড় বন্টন করে আসছে। গতকাল সোমবার সকালে উপজেলার নেয়ামতকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে যাকাতের কাপড় বিতরণ শুরু হয়। এ সময় একই দলের প্রতিপক্ষ গ্রুপের সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে পাঁচ শতাধিক কাপড় ছিনিয়ে নেয়। এ ঘটনায় উপস্থিত লোকজনের মাঝে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার সত্যতা স্বীকার করে মুরাদনগর থানার ওসি আমিরুল আলম জানান, খবর পেয়ে এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
