বেরোবিতে মোটরসাইকেল চুরির ঘটনায় প্রশাসনিক ভবনে তালা

আপডেট : ১৩ মে ২০১৯, ২২:১৪

তদন্ত কমিটি গঠন

বেরোবি সংবাদদাতা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১১টায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন বেরোবি শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন স্লোগান দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে তালা খুলে দেয় তারা।

জানা যায়, গত (৮মে) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে শিক্ষার্থী মারুফ ভূঁইয়ার একটি মোটরসাইকেল চুরি হয়। চুরির পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি লিখিত অভিযোগ করেন তিনি। কিন্তু চার দিন অতিবাহিত হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভুক্তভোগী মারুফ ভূঁইয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা থাকলেও তা অকার্যকর, ক্যাম্পাসে কোনো ধরনের নিরাপত্তা নেই। আমি চাই দ্রুত আমার মোটরসাইকেল ফেরত দেওয়া হোক।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ ও রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামালের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি। এদিকে, মোটরসাইকেল চুরির বিষয়টি ক্ষতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বঙ্গবন্ধু হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধানকে আহ্বায়ক ও সহকারী প্রভোস্ট সাখাওয়াত হোসেনকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।