চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২২:২০

চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় ১৮ হাজার ৩১২ জন প্রার্থী উত্তীর্ণ হন।

এনটিআরসিএ  কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ৮ ও ৯ ডিসেম্বর চতুর্দশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় ১৯ হাজার ৮৬৩ জন প্রার্থী উত্তীর্ণ হন। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্কুল-২ পর্যায়ের  ৫৬৫ জন, স্কুল পর্যায়ের ১৪ হাজার ৪৫৯ জন এবং কলেজ পর্যায়ের ৩ হাজার ৬৮৫জন । মোট  ১৮ হাজার ৭০৯ জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এতে স্কুল-২ পর্যায়ে  পুরুষ ৪০৭ জন ও মহিলা  ১৪৭ জনসহ মোট ৫৫৪ জন,  স্কুল পর্যায়ে পুরুষ ৯ হাজার ৬৬২ জন ও মহিলা ৪ হাজার ৫১৬ জনসহ মোট ১৪ হাজার ১৭৮ জন এবং কলেজ পর্যায়ে পুরুষ ২ হাজার ৭৭ জন ও মহিলা ১ হাজার ৫০৩ জনসহ ৩ হাজার ৫৮০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। চূড়ান্তভাবে সর্বমোট ১৮ হাজার ৩১২ জন প্রার্থী চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

উল্লেখ্য, চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে ২৩টি, স্কুল-২ পর্যায়ে ২৩টি এবং কলেজ পর্যায়ে ৩৫টিসহ সর্বমোট ৮১টি বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়।

পরীক্ষার ফলাফল http://ntrca.gov.bd এবং http//ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া টেলিটক বিডি কর্তৃক কৃতকার্য প্রার্থীদের ফলাফল SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।