মেহেরপুরের পৌর কাউন্সিলর আটক

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২১:১১
এক যুবককে অপহরণ ও সরকারি কাজে বাধা প্রদানসহ পুলিশকে লাঞ্ছিত করার ঘটনায় মেহেরপুর পুলিশ মেহেরপুর পৌর কাউন্সিলর রিয়াজতুল্লাহসহ ৫জনকে আটক করেছে। জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর পৌর কাউন্সিলর রিয়াজতুল্লাহ’র নেতৃত্বে মেহেরপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি শহরের বেড়পাড়ার আজিমুদ্দিনের ছেলে আব্দুল হাদিকে জোরপূর্বক অপহরণ করার চেষ্টা চলে। খবর পেয়ে মেহেরপুর সদর থানার এএসআই আবু সায়েমের নেতৃত্বে পুলিশের একটি দল হাদিকে উদ্ধার করতে গেলে অপহরণকারীরা পুলিশের উপর চড়াও হয়। ওই সময় এএসআই আবু সায়েম ও কনস্টেবল লোকমান হোসেন আহত হন। তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। ওই ঘটনায় আব্দুল হাদি বাদি হয়ে মেহেরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রিয়াজতুল্লাহসহ ৭ জনকে আসামি করে একটি অপহরণ মামলা করেন। এদিকে সরকারি কাজে বাধা প্রদানসহ পুলিশকে লাঞ্ছিত করার ঘটনায় এএসআই আবু সায়েম বাদি হয়ে মেহেরপুর সদর থানায় আরো একটি মামলা দায়ের করেন। গত সোমবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে মেহেরপুর পৌর কাউন্সিলর রিয়াজতুল্লাহ, তার ছেলে রাহিম ইসলাম, আব্দুল মতিনের ছেলে রিমন, আকবর আলীর ছেলে সাইফুল ও মোসলেম আলীর ছেলে পাভেলকে আটক করে।