সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২১:১৩
গৌরীপুরে ভেজাল বিরোধী অভিযান গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ রমজানে ভেজাল খাদ্যদ্রব্য তৈরি, আমদানি ও বিপণন রোধে ময়মনসিংহের গৌরীপুরে গত সোমবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা ইয়াসমিনের নেতৃত্বে উপজেলা স্যানিটেশন কর্মকর্তা ও পুলিশের সমন্বয়ে এক ভ্রাম্যমাণ আদালত মিষ্টি, খাবার দোকান, বেকারিগুলোতে ভেজাল বিরোধী অভিযান চালায়। এ সময় বিশুদ্ধ খাদ্য আইনের বিভিন্ন ধারায় ৯ খাদ্য ব্যাবসায়ীর কাছ থেকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ডুমুরিয়ায় অজ্ঞাত রোগে স্কুল ছাত্রের মৃত্যু ডুমুরিয়া খুলনা সংবাদদাতা \ ডুমুরিয়ার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী ছাত্র পিয়াস মন্ডল অজ্ঞাত রোগে গত সোমবার মারা গেছে। সকালে পিয়াস ঘুম থেকে উঠে জানায় তার শরীর অসুস্থ লাগছে। কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি হলে গ্রাম্য ডাক্তার আনা হয়। এসময় অবস্থা দেখে ধারণা হয় তাকে বিষাক্ত সাপে কামড়েছে। দ্রুত ওঝা ডাকা হয়। তখন তার শ্বাসকষ্ট দেখা দিলে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। নন্দীগ্রামে মহিলা কর্মীদের সঞ্চয়ী অর্থ বিতরণ নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি \ বগুড়ার নন্দীগ্রামে আরইআরএমপির মহিলা কর্মীদের সঞ্চয়ী অর্থ বিতরণ করা হয়েছে। গত ২২ জুলাই উক্ত অর্থ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অভিজিত্ রায়, বগুড়া এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবুল কাশেম, ইউপি চেয়ারম্যান আ.বারী বারেক প্রমুখ। মৌলভীবাজারে নাগরিক সনদ বিষয়ক মতবিনিময় মৌলভীবাজার প্রতিনিধি \ জনমুখী সেবা প্রদানের লক্ষ্যে জন-প্রশাসন মন্ত্রণালয়ের সিভিল সার্ভিস চেঞ্জ ম্যানেজমেন্ট প্রোগ্রামের উদ্যোগে এবং জেলা প্রশাসনের আয়োজনে নাগরিক সনদ মনিটরিং ২য় পর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জন-প্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলরুবা বেগম। বক্তব্য রাখেন, জন-প্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাফর ইমাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ,টি,এম,জাকির হোসেন, সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ এবং সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। নেত্রকোনায় স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে মতবিনিময় নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলা পাবলিক পলিসি ফোরামের উদ্যোগে স্বাবলম্বীর ব্যবস্থাপনায় এবং দি এশিয়া ফাউন্ডেশনের প্রদীপ কর্মসূচির আওতায় গতকাল মঙ্গলবার নেত্রকোনার ৬টি উপজেলার স্বাস্থ্য সেবার মান ও শিক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি রেহেনা সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রতিনিধিবৃন্দ ত্রৈমাসিক রিপোর্ট উপস্থাপন করেন। পরে আলোচনা করেন স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, স্বপন পাল, ফোরাম সম্পাদক মোস্তাফিজুর রহমান খান, শ্যামলেন্দু পাল প্রমুখ। নবাবগঞ্জে অবৈধ বালু উত্তোলনকারীর জেল নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি \ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মোঃ জামাল (৩০) নামে এক বালু ব্যবসায়ীকে আটক করে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সুজাপুর গ্রামের ইছামতি নদী থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ জামাল দোহার উপজেলার চরকুসাই গ্রামের আকবর মাষ্টারের ছেলে। সোনাতলায় সেলাই মেশিন বিতরণ সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \ সোনাতলায় গত সোমবার এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত হাঁস-মুরগি পালনকারীদের উপকরণ ও গরিব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা অডিটরিয়ামে নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল মান্নান প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং উপকরণ ও সেলাই মেশিন বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমপি পত্নী সাহাদারা মান্নান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ নুরুন্নবী, আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পু প্রমুখ। ভূঞাপুরে আশার ৭৮ হাজার টাকা ডাকাতি ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ ভূঞাপুর উপজেলার দুর্গম গাবসারা ইউনিয়নের ডিগ্রীরচর এলাকায় যমুনা নদীতে সোমবার বিকালে নৌ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ এনজিওর ৪ কর্মকর্তা-কর্মচারীকে মারধর করে তাদের কাছে থাকা ৭৮ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মাদারীপুরে কৃষি ব্যাংকের মুনাফা অর্জন মাদারীপুর প্রতিনিধি \ বাংলাদেশ কৃষি ব্যাংক মাদারীপুর অঞ্চলে পরপর দুইবার মুনাফার (লাভ) মুখ দেখেছে। সদ্য সমাপ্ত অর্থবছরে ৬ কোটি ১৬ লক্ষাধিক টাকা লাভ করে। কৃষি ব্যাংক মাদারীপুর অঞ্চলের ১৫টি শাখায় গত অর্থবছরে লাভের পরিমাণ ছিল ৬ কোটি ১৬ লাখ ১৮ হাজার টাকা। ২০১১-২০১২ অর্থবছরে কৃষি ব্যাংক ৫ কোটি ৬১ লাখ টাকা লাভ করে। মীর্জাগঞ্জে ফলদ বৃক্ষমেলা শুরু মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার মীর্জাগঞ্জ উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। ইউএনও মো. জয়নুল আবেদীনের সভাপতিত্বে মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী আতাহার উদ্দীন আহম্মেদ। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আ. মন্নান, মত্স্য কর্মকর্তা পলাশচন্দ্র দেবনাথ প্রমুখ। রাজারহাট প্রেসক্লাবের কমিটি গঠন রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা \ রাজারহাট প্রেসক্লাবের আহ্বায়ক এম আজিজুল হকের সভাপতিত্বে রবিবার জরুরি সভা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। এটিএম সাজেদুর রহমান মণ্ডল চাঁদকে (দৈনিক সংবাদ) সভাপতি, মো. আনিছুর রহমান লিটনকে (দৈনিক আমার দেশ) সাধারণ সম্পাদক, মো. আলতাফ হোসেন সরকার (দৈনিক ইত্তেফাক), এম আজিজুল হককে (দৈনিক জনতা) সহ-সভাপতি করে ১৬ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদের প্রেসক্লাব কমিটি গঠন করা হয়। চাঁদপুরে জুয়েলারী দোকানে হামলার প্রতিবাদ চাঁদপুর প্রতিনিধি\ চাঁদপুরে জুয়েলারী দোকানে গত সোমবার রাতে একদল অস্ত্রধারী যুবকের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে স্বর্ণ ব্যবসায়ীরা। উল্লেখ্য, চাঁদপুর শহরে গত ৩দিন ধরে প্রায় ২৫ জন করে ২টি অস্ত্রধারী গ্রুপ গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে আসছিল। গত সোমবার রাতে চিত্রলেখা মোড়ে অতর্কিত হামলা চালিয়ে নোলক জুয়েলার্স, পান্না জুয়েলার্স, সূচনা জুয়েলার্স ও লাকি জুয়েলার্সে কুপিয়ে গ্লাস ও সাটার ভাঙচুর করে। ওই ঘটনার সাথে জড়িত ৩ জনকে পুলিশ রাতেই আটক করে থানা নিয়ে যায়। নাঙ্গলকোটে ভেজাল বিরোধী অভিযান নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া বাজারে গত সোমবার ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফ। এসময় ঢালুয়া বাজারের বেনুলাল সাহার দোকানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ সেমাই বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা এবং অপর এক ব্যবসায়ীর ১ হাজার টাকা জরিমানা আদায় করেছে। নেত্রকোনায় সড়ক ও সেতুর উদ্বোধন নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের অধীনে ১১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিরিশিরি-দুর্গাপুর ১৮ কিলোমিটার মহাসড়ক এবং শুকনাকুড়ি সেতু উদ্বোধন হয়েছে। সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী গত সপ্তাহে মহাসড়ক ও সেতু উদ্বোধন করেন। উল্লেখ্য, বর্তমান রাষ্ট্রপতি সাবেক স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে এই মহাসড়কটির গত বছর ভিত্তিপ্রস্তর করেছিলেন। খুলনায় বাল্য বিয়ে ও গর্ভধারণ প্রতিরোধে কর্মশালা খুলনা অফিস \ ‘বাল্য বিয়ে এবং বাল্য গর্ভধারণ প্রতিরোধ’ শীর্ষক কর্মশালায় বক্তারা বলেছেন, প্রাথমিক শিক্ষা থেকে ঝরে যাওয়ায় কারণে বাল্য বিয়ে হচ্ছে। বাল্য বিয়ের কারণে দিন দিন আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। সোমবার শেরে বাংলা রোডস্থ নিজস্ব কার্যালয়ে বেসরকারি সংস্থা ‘সুইফট’ এর ‘আগামী প্রকল্পের’ উদ্যোগে খুলনা জেলার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আগামী প্রকল্পের ফিল্ড ম্যানেজার মোঃ মিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা চ ম মুজিবর রহমান, সাংবাদিক আব্দুর রাজ্জাক রানা প্রমুখ। বড়াইগ্রামে বেগুন চাষ বিষয়ক মাঠ দিবস বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রামে মেরিগাছায় গত সোমবার বেগুন চাষ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ফুড এন্ড লাইভলীহুড সিক্যুরিটি প্রকল্পের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার বেগুন চাষিদের নিয়ে এ মাঠ দিবসের আয়োজন করে। সমাজসেবক হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের কৃষি কর্মকর্তা শ্রী সুভাস চন্দ্র দে প্রমুখ। গোমস্তাপুরে অস্ত্রসহ যুবক আটক গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ গোমস্তাপুরে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র্যাব। র্যাব-৫ এর সহকারী পরিচালক জানান, র্যাবের একটি টহল দল চৌডালা বাজার থেকে গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চৌডালা-কানসাট সড়কে একজন মোটর সাইকেল আরোহী যুবক দুলালের কাছ থেকে (২৫) একটি বিদেশি ৭.৬৫ মিমি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করে। আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব-৫ এর সদর দপ্তর রাজশাহীতে নেয়া হয়। ফুলবাড়ীয়ায় ভেজাল বিরোধী অভিযান ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা \ গত সোমবার ফুলবাড়ীয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা বনানী বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় নকল এনার্জি ড্রিংকস্ রাখার অভিযোগে ৪ ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযানে উপস্থিত ছিলেন সেনিটারী ইন্সপেক্টর মাহবুব হোসেন ও ফুলবাড়ীয়া থানা পুলিশের একটি টিম। তারাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা বহিষ্কার তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তারাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৩ জন নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গত সোমবার তারাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ্যাডঃ মাকদুম আলম স্বাক্ষরিত এক পরিপত্রে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক লিমন, সহ-সম্পাদক সব্যচাচী ও সদস্য কমল রায়কে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। খুলনায় কাটা রাইফেল উদ্ধার খুলনা অফিস \ খুলনার ফুলতলা থেকে একটি কাটা রাইফেল উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে শিকিরহাট গ্রামের নূরু মাঝির পরিত্যক্ত বাড়ি থেকে অপহরণ মামলার আসামি মোশারফ মুন্সীর স্বীকারোক্তি অনুযায়ী এ অস্ত্র উদ্ধার করা হয়। ফুলতলা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদ হোসেন জানান, একই বাড়ি থেকে অপহরণ মামলার আসামি মোশারফ মুন্সীকে গ্রেফতার করা হয়। পরে থানায় রেখে জিজ্ঞাসাবাদে সে ওই বাড়িতে অস্ত্র থাকার কথা স্বীকার করে। জানা যায়, গ্রেফতারকৃত মোশারফের বিরুদ্ধে অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গোমস্তাপুরে চোরাচালান রোধে বিজিবি’র সভা গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ গোমস্তাপুর সীমান্তে গবাদিপশু চোরাচালান রোধকল্পে গোমস্তাপুর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার গণমান্য ব্যক্তিদের সাথে বিজিবি’র মতবিনিময় সভা হয়েছে। গতকাল মঙ্গলবার রহনপুর বিজিবি ক্যাম্পে ৪৩,বিজিবি ব্যাটালিয়ন, নওগাঁর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ৪৩, বিজিবি ব্যাটালিয়ন, নওগাঁর অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী, বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল সরকার মুহাম্মদ শামসুদ্দিন পিএসসি। লোহাগড়ায় আধিপত্য বিস্তারে দু‘গ্রুপে সংঘর্ষ লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ লোহাগড়ার কুমড়ি গ্রামে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তারের জের ধরে দু‘গ্রুপে সংঘর্ষে উভয় পক্ষে ২৫ জন আহত হয়েছে। জানা যায়, দিঘলিয়া ইউপির কুমড়ি পূর্বপাড়া গ্রামের ওসমান সরদারের সাথে আসাদ সরদারের লোকজনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল । এরই জের ধরে গতকাল মঙ্গলবার উভয় গ্রুপ ঢাল, সড়কি, রামদা, লাঠিসোটা, ইট পাটকেল নিয়ে ঘন্টাব্যাপী সংঘর্ষে ২৫ জন আহত হয়। গুরুতর আহত জামাল, মিন্টু, তোতা ও লিপনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।