শাহীনুরের শরীরে ছিল ১০টি আঘাত, মৃত্যু মস্তিষ্কে রক্তক্ষরণে

আপডেট : ১৩ মে ২০১৯, ২২:৪৮

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই শাহিনূর আক্তার তানিয়ার মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে দশটি আঘাতের চিহ্নও পাওয়া গেছে। গতকাল সোমবার বিকালে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ এ তথ্য জানিয়ে আরো বলেন, জিজ্ঞাসাবাদে হেলপার লালন মিয়া কখনো ধর্ষণের সঙ্গে জড়িত    থাকার কথা স্বীকার করছে, আবার পরক্ষণেই অস্বীকার করছে। তবে ২/১ দিনের মধ্যেই সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে বলে পুলিশ সুপার আশাবাদী। তিনি আরও জানান, রবিবার সন্ধ্যায় তার হাতে ময়নাতদন্তের রিপোর্টটি এসে পৌঁছেছে।

স্বর্ণলতা বাসের চালক নূরুজ্জামানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে ধর্ষণের ঘটনায় জড়িত তার খালাতো ভাই বোরহানকে গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গত রবিবার তাকে ধরতে অন্তত  পাঁচ স্থানে অভিযান চালানো হয়। তবে মামলায় এজাহারভুক্ত চার আসামির মধ্যে বোরহানের নাম নেই। আদালতে জবানবন্দি প্রদানের পর নূরুজ্জামানকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। আট দিনের রিমান্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে বর্তমানে পুলিশের হেফাজতে থাকা আসামিরা হলেন- বাসের হেলপার লালন মিয়া, রফিকুল ইসলাম রফিক, মো. খোকন মিয়া ও  বকুল মিয়া ওরফে ল্যাংরা বকুল। মামলার তদন্তকারী কর্মকর্তা বাজিতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সারোয়ার জাহান জানান, আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে জিজ্ঞাসাবাদে কী তথ্য পাওয়া গেছে তা প্রকাশ করতে তিনি নারাজ।

এদিকে কটিয়াদী উপজেলা পরিষদের সামনে কটিয়াদী রক্তদান সমিতি বিক্ষোভ সমাবেশ করেছে। পরে প্রধানমন্ত্রী বরাবরে লিখিত একটি স্মারকলিপি ইউএনও ইসরাত জাহান কেয়ার নিকট হস্তান্তর করা হয়। লোহাজুরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও ঝিরারপার দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা পৃথক মানববন্ধন করেছে। মানববন্ধন কর্মসূচি আয়োজন করে ব্র্যাকের পল্লী সমাজ সংগঠন। জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস গতকাল তানিয়াদের গ্রামের বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। পরে তিনি তানিয়ার বাবার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।