বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিল চীন। গতকাল দেশটি ৬০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যে শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছে। আগামী পহেলা জুন থেকে বর্ধিত এই শুল্ক কার্যকর হবে। এর তিন দিন আগে যুক্তরাষ্ট্র ২০০ বিলিয়ন ডলারের চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৫ ভাগ করে। খবর বিবিসি’র
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং সাংবাদিকদের বলেছেন, বেইজিং বাইরের কারো চাপে নতি স্বীকার করবে না। এর আগে চীনের ট্যারিফ পলিসি কমিশন ৫ হাজারের বেশি মার্কিন পণ্যের শুল্ক ৫ ভাগ থেকে বাড়িয়ে ২৫ ভাগে উন্নীত করার ঘোষণা দেয়। আগামী পহেলা জুন থেকে কার্যকর হবে বলে কমিশনের বিবৃতিতে জানানো হয়েছে। হোয়াইট হাউস এবং চীনের সঙ্গে আলোচনায় নিযুক্ত মার্কিন বাণিজ্য প্রতিনিধি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। চীনের ঘোষণার আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, মার্কিন পণ্যে চীনের শুল্ক বাড়ানো উচিত হবে না। সেটি করলে খারাপই হবে। তিনি টুইটার বার্তায় বলেন, চীন বহু বছর ধরে বাণিজ্যে সুবিধা ভোগ করছে। মার্কিনীরা চীনা পণ্য ব্যবহার না করে অন্য দেশ থেকে আসা পণ্য ক্রয় করবেন। আর অনেক কোম্পানি শুল্কের জন্য চীন ত্যাগ করবে।
