মহানগরীর বাকলিয়া এলাকার বলিরহাটে সন্ত্রাসীদের গুলিতে গৃহবধূ বুবলি আক্তার খুনের ঘটনায় তিন আসামির প্রত্যেককে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খান রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়া তিন আসামি হলো, নবী হোসেন, মোহাম্মদ মুসা ও আহমদ কবির।
আদালত সূত্র জানায়, তিন আসামিকে আদালতে হাজির করে বাকলিয়া থানা পুলিশ প্রত্যেকের জন্য ১০ দিন করে রিমান্ড আবেদন জানালে আদালত তিনদিন করে রিমান্ড মঞ্জুর করে।
গত শনিবার রাতে বলিরহাট এলাকায় গুলিতে নিহত হন বুবলি আক্তার। ঘটনার পর পুলিশ জানান, বুবলি আক্তারের ভাই রুবেলের সঙ্গে স্থানীয় শাহ আলমসহ কয়েকজন যুবকের পূর্ব শত্রুতা ছিল। রাতে শাহ আলম ও তার লোকজন রুবেলকে হত্যা করতে আসে। কিন্তু তারা বুবলি আক্তারকে গুলি করে পালিয়ে যায়।
এদিকে গত রবিবার ভোরে বাকলিয়া থানার বলিরহাট কর্ণফুলী নদীর পাড় সংলগ্ন এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রধান আসামি শাহ আলম নিহত হয়। এ ঘটনায় আহত হন বাকলিয়া থানার ওসিসহ চার পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তলটি দিয়ে বুবলি আক্তারকে গুলি করা হয় বলেও পুলিশ জানায়।
