আগেই ব্যাপারটা সবাই অনুমান করে ফেলেছিলেন। ম্যাচ খেলার ঘাটতি পোষাতে ও ইংলিশ কণ্ডিশনে খেলার সুযোগ করে দিতে ‘এ’ দলের নামে শীর্ষ প্রায় সব ক্রিকেটারকেই পাঠানো হচ্ছে প্রায় এক মাসব্যাপী ইংল্যান্ড সফরে। গতকাল ঘোষিত ‘এ’ দলে সাকিব আল হাসান, তামিম ইকবাল, নাসির হোসেন, মুশফিকুর রহিম ও আব্দুর রাজ্জাক ছাড়া সামপ্রতিক জাতীয় দলগুলোর সব তারকাই উপস্থিত আছেন।
অনুমিতভাবেই ‘এ’ দলে উল্লেখযোগ্য সংযোজন হলেন মাশরাফি বিন মুর্তজা। তবে তিনি শুরু থেকে দলের সঙ্গে থাকছেন না; তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। এ ব্যাপারে প্রধান নির্বাচক আকরাম খান ব্যাখ্যা দিয়েছেন, ‘মাশরাফি সুস্থ হলে ইংল্যান্ডে যাবে। সম্ভব হলে শেষ তিনটি ওয়ানডে খেলবে ও।’
গতকাল একই সঙ্গে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় এমার্জিং এশিয়া কাপের জন্য অনূর্ধ্ব-২৩ দল এবং ইংল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য অনূর্ধ্ব-১৯ দলের নামও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্রধান নির্বাচক আকরাম খানই বলছেন, অনূর্ধ্ব-২৩ দলে এমন কয়েকজন খেলোয়াড়কে যারা ‘এ’ দলেও ডাক পেতে পারতেন।
‘এ’ দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। তবে যতোদূর জানা গেছে, সেই দায়িত্বটা পেতে যাচ্ছেন জাতীয় দলের ওপেনার জহুরুল ইসলাম অমি। এ ছাড়া এই দলে ঠাঁই হয়েছে সর্বশেষ সিরিজেও টেস্ট সেঞ্চুরি করেও ইনজুরির ছোবলে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সফরে সুযোগ না পাওয়া নাঈম ইসলামের। এ ছাড়া দুই তরুণ তারকা এনামুল হক বিজয় ও মোমিনুল হককেও পাঠানো হচ্ছে ইংল্যান্ডে। ইমরুল কায়েস, রকিবুল হাসান, ইলিয়াস সানি, ফরহাদ রেজা, সামসুর রহমানদের মতো জাতীয় দলে জায়গা করে নেয়ার জন্য লড়তে থাকা সিনিয়র-জুনিয়র তারকাদেরও রাখা হয়েছে দলে।
এই তারকাখচিত দলের ব্যাপারে আকরাম খান জানা ব্যাখ্যাটা আরেকবার দিলেন, ‘আমাদের খেলোয়াড়দের মাঠে খেলাটা জরুরি ব্যাপার। আর অনেকেই আছে, তাদের নিজেদের প্রমাণ করার প্লাটফর্ম দরকার ছিল। এ ছাড়া ইংল্যান্ডে ইংল্যান্ডের শীর্ষ খেলোয়াড়দের বিপক্ষে খেলাটা অনেক বড় একটা অভিজ্ঞতা। এসব বিবেচনায় আমরা মোটামুটি শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের বেছে নিয়েছি। আশা করি এই দলটা ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দেশের মাটির ফলটা ধরে রাখতে পারবে।’
একই সঙ্গে আসিফ আহমেদ রাতুল, সৌম্য সরকার, লিটন দাশ, মোহাম্মদ মিথুনের মতো তরুণ তুর্কিদের নিয়ে সাজানো হয়েছে অনূর্ধ্ব-২৩ দল। সে দল নিয়েও খুব আশাবাদী আকরাম খান।
আগামী ৫ আগস্ট থেকে ইংল্যান্ডে শুরু হবে স্বাগতিকদের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট। পরদিন থেকেই ইংল্যান্ডের বিপক্ষে ‘এ’ দলের দ্বিপাক্ষিক খেলা শুরু। আর আগস্টের ৭ তারিখ থেকে সিঙ্গাপুরে আট জাতি এমার্জিং কাপে অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
বাংলাদেশ ‘এ’ দল: জহুরুল ইসলাম, ইলিয়াস সানি, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, এনামুল হক, সোহাগ গাজী, রুবেল হোসেন, মোমিনুল হক, সামসুর রহমান, মার্শাল আইয়ুব, রবিউল ইসলাম, ইমরুল কায়েস, রকিবুল হাসান, ফরহাদ রেজা, আল আমিন।
স্ট্যান্ডবাই: মাশরাফি বিন মুর্তজা, মেহরাব হোসেন, সাজিদুল ইসলাম, মোশাররফ হোসেন, মুক্তার আলী
অনূর্ধ্ব-২৩ দল: আসিফ আহমেদ রাতুল, লিটন কুমার দাশ, মিজানুর রহমান, মাইশিকুর রহমান, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন, মোহাম্মদ মিথুন, আলাউদ্দিন বাবু, মাহমুদুল হাসান, নূর হোসেন, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, দেওয়ান সাব্বির আহমেদ, আরিফুল হক, আবু জায়েদ চৌধুরী।
অনূর্ধ্ব-১৯: জয়রাজ শেখ, সাদ্দাম ইসলাম, নাজমুল হোসেন, মুনিম শাহরিয়ার, মুসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, রাহাতুল ফেরদৌস, সাইফ উদ্দিন, জসীম উদ্দিন, আবু সায়েম চৌধুরী, আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, রিফাত প্রধান, জুবায়ের হোসেন।
