ধর্ষণের বিরুদ্ধে ব্যাপক সামাজিক আন্দোলন সত্ত্বেও থেমে নেই এই ন্যক্কারজনক অপরাধ। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় এই অপরাধ সংঘটিত হচ্ছে। গতকাল সোমবার ময়মনসিংহের গফরগাঁও এবং ঝালকাঠির রাজাপুর থেকে দুই ছাত্রীকে ধর্ষণের খবর পাওয়া গেছে। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর:
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের গফরগাঁওয়ে কলেজ ছাত্রীকে অস্ত্রের মুখে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষক চাঁনু শিং (৪৩) কে রবিবার গভীর রাতে গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ। মামলা ও ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে ৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে কান্দিপাড়া বাজারে বাসায় একা পেয়ে প্রতিবেশী চাঁনু শিং তার সহযোগী মোশারফের সহায়তায় রিভলভার দেখিয়ে ধর্ষণ করে। এ সময় মোশারফ ধর্ষণের ঘটনা ভিডিও করে। পরে ইন্টারনেটে এই ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকায় একটি বেসরকারি হাসপাতালে (স্পন্দন) নিয়ে পুনরায় ধর্ষণ করে চাঁনু শিং। এ ঘটনাও ভিডিও করে তার সহযোগী হাসপাতালের মালিক স্বপন ও মোশারফ।
এলাকাবাসী জানায়, চাঁনু শিং এলাকায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। ইয়াবা কারবারিদের নিয়ে তার একটি বিশাল বাহিনী রয়েছে। সে নিজেকে সবসময় পুলিশের ‘প্রিয়ভাজন’ হিসেবে পরিচয় দিত। তার ভয়ে এলাকাবাসী মুখ খুলতে সাহস পায় না।
এ ব্যাপারে পাগলা থানার ওসি মো. ফায়েজুর রহমান বলেন, ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ১৬৪ ধারা জবানবন্দি দেওয়ার জন্য আসামিকে ময়মনসিংহ জেলা আদালতে পাঠানো হয়েছে।
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা: ঝালকাঠির রাজাপুরে উত্তর-পশ্চিম লেবুবুনিয়া দাখিল মাদ্রাসায় পড়ুয়া অষ্টম শ্রেণির ১৩ বছরের ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল ৮টায় উপজেলার সাতুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা এ ঘটনায় মো. নুরআলম ও মো. রাকিবকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদারের কাছে হস্তান্তর করেন। পরে নির্বাহী কর্মকর্তা দুজনকেই রাজাপুর থানা পুলিশে সোপর্দ করেন। নুরআলম উপজেলার নৈকাঠি গ্রামের মো. আফছের কাগজীর ছেলে। রাকিব উপজেলার সাতুরিয়া এলাকার মাহে আলম হাওলাদারের ছেলে। এ ব্যাপারে রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, ঐ ছাত্রীর বাবা আ. রাজ্জাক খলিফা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলার পর তার ডাক্তারী পরীক্ষা করা হবে।
