খানবাহাদুর আহ্ছানউল্লা স্বর্ণপদক পাচ্ছেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২২:১৮
শিক্ষা, প্রকৌশলী এবং গবেষণার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে ২০১২ সালের খানবাহাদুর আহ্ছানউল্লা স্বর্ণপদক প্রদানের জন্য নির্বাচন করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন। খুব শীঘ্রই এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেয়া হবে। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। লেখাপড়া শুরু করেন সেন্ট গ্রেগরিজ স্কুল এবং পরবর্তীকালে ঢাকা কলেজে। ১৯৬৩ সালে তিনি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। কমনওয়েল্থ একাডেমিক স্টাফ ফেলোশিপ নিয়ে তিনি ১ বছর যুক্তরাজ্যের সারে বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং এসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ২০১০ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় হতে ডক্টর অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রী লাভ করেন। ২০০১ সালে সর্বপ্রথম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেন এবং ৯ বছর দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০১২ সাল থেকে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্বরত আছেন।