চট্টগ্রামে বাসের ধাক্কায় পাঠাও-এর মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ১৩ মে ২০১৯, ২২:৫০

চট্টগ্রামে বাসের ধাক্কায় পাঠাও-এর মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে এক নারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো ছয়জন নিহত হয়েছেন। অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর 

চট্টগ্রাম অফিস: পুরাতন চান্দগাঁও থানা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার লাইনে চলাচলকারী ‘মার্সা’ বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মোহাম্মদ আজাদ নিহত হয়েছেন। তিনি বাকলিয়ার কালামিয়া বাজারের আব্দুছ ছোবহান রোড এলাকার মোহাম্মদ আবুল কাশেমের ছেলে। আজাদ পাঠাও-এর মোটর বাইক চালক ছিলেন। এ সময় তার বাইকে থাকা যাত্রী মোহাম্মদ ইমরান (২৭) গুরুতর আহত হন। তিনি একই এলাকার আব্দুল করিমের  ছেলে।

নেত্রকোনা: সদর উপজেলার সাকুয়ায় নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে রবিবার সন্ধ্যায় সিএনজি চালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে আবদুল্লাহ আল মামুন (৪০) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। কলমাকান্দার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের অচিন্ত হাজং রবিবার বিকালে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার রাতে মদন-ফতেপুর সড়কে দ্রুতগামী মোটরসাইকেলের চাপায় আবদুর রহিম আবু নামে কৃষক নিহত হয়েছেন। তিনি উপজেলার ফতেপুর ইউনিয়নের হাসপুর গ্রামের মৃত মশার বাপের ছেলে।

কালীগঞ্জ (লালমনিরহাট): সোমবার ভোরে লালমনিরহাট-বুড়িমারি মহাসড়কের মেডিক্যাল মোড় এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে ট্রাক চাপায় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা দিনমজুর রোকেয়া বেগম ঘটনাস্থলেই নিহত হন। তার মেয়ে দাখিল পরীক্ষার্থী লাবণী বেগম গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা ট্রাকচালক আশরাফুল ইসলাম ও হেলপার পাপেল মিয়াকে আটক করেছে। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

স্টাফ রিপোর্টার, রাজশাহী: মোহনপুরে ধানবোঝাই মিনিট্রাক উল্টে পাশের পুকুরে পড়ে কুষ্টিয়ার দৌলতপুর থানার দফাদার পাড়ার পলানের ছেলে নয়ন এবং একই গ্রামের আকালির ছেলে রাশিদুল নিহত হয়েছেন। গতকাল ভোরে মোহনপুর উপজেলা সদরের মেডিক্যাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আরেক শ্রমিক সাগর আহত হয়েছেন।

জীবননগর (চুয়াডাঙ্গা): জীবননগরের হাসাদাহ-মাধবপুর সড়কের কাটাপোলে পিকআপের ধাক্কায় অটোচালক ডাবলু ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি কাটাপোল বাজারপাড়ার হাবিবুর রহমান হবির ছেলে।