মিসরের রাজধানী কায়রোতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক এবং বিরোধীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত এবং বহু লোক আহত হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।
হতাহতদের বেশিরভাগই কায়রো বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থান কর্মসূচি পালনকারী মুরসি সমর্থক। মঙ্গলবার ভোর হওয়ার আগেই সহিংসতা ছড়িয়ে পড়ে। মুরসির দল মুসলিম ব্রাদারহুড এ সহিংসতাকে শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর হামলা বলে অভিহিত করেছে। পুলিশ জানিয়েছে, শত শত মুরসি সমর্থকের সঙ্গে স্থানীয় অধিবাসী, ফুটপাতের ক্ষুদ্র বিক্রেতা ও অন্যদের সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলার সময় দুই পক্ষই ইট-পাথর এবং গুলি ব্যবহার করেছে। এ সময় কমপক্ষে ১৫টি গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ লোকজন, চলে ভাঙচুর। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। মুরসিপন্থিরা তাদের ওপর স্নাইপারের গুলি চলেছে এবং বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীর সুরক্ষা বলয়ে রয়েছে বলে অভিযোগ করেছে। সরকারি এক কর্মকর্তা জানিয়েছে, মঙ্গলবারের সংঘর্ষে ৬ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছে। সোম ও মঙ্গল দুই দিনের সহিংসতায় নিহতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিসরের প্রথম প্রেসিডেন্ট মুরসিকে ৩ জুলাই ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকে বিক্ষিপ্ত সংঘর্ষে এ পর্যন্ত সেনাসহ কমপক্ষে শতাধিক লোক নিহত হয়েছে।
