সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত ফের শুরু

আপডেট : ১৩ মে ২০১৯, ২২:৫০

গোপন তথ্য ফাঁস করে সাড়া জাগানো উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত ফের শুরু করেছে সুইডেন। দেশটি ব্রিটেন থেকে অ্যাসাঞ্জকে ফেরত এনে বিচারের চেষ্টাও চালাচ্ছে বলে জানা গেছে। খবর রয়টার্সের

সুইডেনের ডেপুটি প্রসিকিউটর ইভা মেরি পারসন স্টকহোমে এক সংবাদ সম্মেলনে গতকাল জানিয়েছেন, অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ মামলা ফের শুরু হয়েছে। লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেওয়ার পর ২০১৭ সালে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন না করেই কার্যক্রম শেষ করা হয়। অ্যাসাঞ্জ এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি লন্ডনের ইকুয়েডর দূতাবাসে সাত বছর গৃহবন্দি ছিলেন। কিন্তু ধর্ষণের অভিযোগে গত মাসে তাকে গ্রেপ্তার করে লন্ডন পুলিশ।