বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন করতে না দেয়াটা আওয়ামী লীগের ষড়যন্ত্র

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২৩:২৯
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ অভিযোগ করেছেন, নতুন আরপিও অনুযায়ী বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন করতে না দেয়াটা একটি ষড়যন্ত্র। তিনি বলেন, বিদ্রোহী প্রার্থী হিসেবে কেউ নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অর্থাত্ কেউ নির্বাচনে গেলে তারা বলবে এরা আমাদের বিদ্রোহী প্রার্থী। সে ব্যক্তি আর নির্বাচন করতে পারবে না। এটা কেন করা হচ্ছে? এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র। গাজীপুরে তাদের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলমের ঘটনার কারণেই এটি হচ্ছে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জিয়া সাংস্কৃতিক জোট আয়োজিত ‘জাতীয় সংকট নিরসনে দরকার তত্ত্বাবধায়ক’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন। হান্নান শাহ বলেন, নির্দলীয় সরকার ব্যতিত কোনো নির্বাচনের চেষ্টা করা হলে তা সরকারের জন্য করুণ পরিণতি ডেকে আনবে। তিনি উল্লেখ করেন, কোটা বিরোধীদের চাকরি না দেয়ার কথা বলে প্রধানমন্ত্রী স্বীকার করে নিয়েছেন তার সরকার সকল চাকরিতেই দলীয় ভিত্তিতে নিয়োগ দিয়েছেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক এমপি আবুল কালাম আজাদ প্রমুখ।