মোবাইল চুরি ঠেকাতে
বিশ্বব্যাপী মোবাইল চুরি ঠেকাতে নেয়া হচ্ছে নতুন ব্যবস্থা। আর এ ব্যবস্থাটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং স্যান ফ্রান্সিসকোতে পরীক্ষা করে দেখা হবে। আইফোন ৫ এবং স্যামসাং গ্যালাক্সি এস৪ স্মার্টফোনে চুরি ঠেকানোর যে ব্যবস্থা রয়েছে, তা পরীক্ষা করে দেখা হবে। লন্ডনের মেয়র বরিস জনসন মোবাইল প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন।—বিবিসি
পর্ণগ্রাফি ফিল্টার
যুক্তরাজ্যের ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থাগুলোকে (আইএসপি) অনলাইন পর্ণগ্রাফি বন্ধের আদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্টার নামের একটি ইন্টারনেট ফিল্টারের সাহায্যে তা বন্ধ করে দেয়া হবে। আর কেউ যদি সেবাটি চালু রাখতে চায়, তবে সে বিষয়ে কোনো বাধানিষেধ থাকবে না। এ নির্দেশটি নতুন এবং পুরনো সব ইন্টারনেট গ্রাহকের জন্যই প্রযোজ্য হবে। —রয়টার্স
স্মার্ট শহর জানটানডিয়া
স্পেনের উত্তর উপকূলের ছোট্ট শহর জানটানডিয়া। এক লাখ ৮০ হাজার মানুষের বাস পুরনো এই শহরে। ঘরে বসে কিংবা চলতি পথেই নাগরিকরা স্মার্টফোন অ্যাপের সাহায্যে জেনে নিতে পারছেন পার্কিং-এর ব্যবস্থা, শহরের কোন্ জায়গার ডাস্টবিনটা ভর্তি হয়ে গেছে বা কোনটা এখনই পরিষ্কার করতে হবে! আবার কোনো সড়কে মানুষজন না থাকলে স্বয়ংক্রিয়ভাবে সেখানকার লাইট বন্ধ হয়ে যায়।—ডয়চে ভেলে
তথ্য প্রকাশে স্বচ্ছতা
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চাচ্ছে, প্রতিদিন তাদের কাছ থেকে যেসব ডেটা যুক্তরাষ্ট্র সরকার নিচ্ছে, সেগুলোর একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হোক। যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এ দাবির বিষয়টি তারা ভেবে দেখছেন। এ বিষয়ে প্রতিষ্ঠানগুলো দেশটির ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) প্রধান জেন কিথ আলেকজান্ডার, প্রেসিডেন্ট বারাক ওবামা এবং কংগ্রেসের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে।—বিবিসি
