বাঘাইছড়িতে টেলিটকের অপহূত ৫ কর্মীর সন্ধান ১৬ দিনেও মেলেনি

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:৪৮
১৬ দিন পার হলেও বাঘাইছড়ি বারি্বিন্দু ঘাট থেকে অপহূত টেলিটকের ঠিকাদারি প্রতিষ্ঠান বি-টেকনোলজির পাঁচ কর্মীর খোঁজ পাওয়া যায়নি। অপহূতদের উদ্ধারে পাহাড়ি এলাকাগুলোতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের অভিযান চলছে। অপহূতদের উদ্ধারে খাগড়াছড়ি সেনা ব্রিগেডের তত্ত্বাবধানে সম্ভাব্য পাহাড়ি এলাকায় এ উদ্ধার অভিযান চলছে । রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, অপহূতদের উদ্ধারে তারা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে বাঘাইছড়ি থানায় দায়ের করা টেলিটকের পাঁচকর্মীর অপহরণ মামলায় মঙ্গলবার রাঙ্গামাটির আদালত আটক মন্টু চাকমা ও হিরণময় চাকমার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। মামলার তদন্ত কর্মকর্তা বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, রাঙ্গামাটিতে আটক দুইজনের জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে ১৫ দিন পেরিয়ে গেলেও অপহূত পাঁচ কর্মীর কাউকে উদ্ধার করতে না পারায় অপহূত ব্যক্তিদের পরিবারে বাড়ছে হতাশা। পবিত্র রমজান মাসে এ অপহরণ ঘটনায় অপহূতদের পরিবার পরিজন চরম কষ্টে দিন কাটাচ্ছেন।