সংকট থেকে উত্তরণের পথ তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:৪৮
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি দেশের ষোল কোটি মানুষের গণদাবিতে পরিণত হয়েছে। বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা। তিনি গত মঙ্গলবার নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান রাজনৈতিক সংকট উত্তরণের একমাত্র উপায়’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দানকালে এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ. এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী এমপি, আনোয়ার হোসাইন, প্রফেসর এমডি কামাল উদ্দিন, বিএনপি নেতা আহমদ খলিল খান, আবু সুফিয়ান প্রমুখ। পুঁজিবাজারে অব্যাহত দরপতনে অবরোধ, বিক্ষোভ পুজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক গর্ভনর ও বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছে ইনভেস্টরস্ ফোরাম অব চট্টগ্রাম। মঙ্গলবার আগ্রাবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এ সময় প্রধান সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন পর যখন আস্তে আস্তে বাজার যখন গতিশীল হতে শুরু করেছে ঠিক তখনই একটি কুচক্রি মহল বাজারকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এতে নতুন করে যেসব বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে তারা আবার সর্বশান্ত হয়েছে । ইনভেস্টরস্ ফোরাম অব চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক এমএ কাদের এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের প্রচার সম্পাদক সরওয়ার কিবরিয়া জিয়া, আব্দুল মতিন, মো. আলমগীর হোসেন প্রমুখ।