নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের এক কনস্টেবল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল আটকে দেয়ার প্রতিবাদ করায় তাকে পিটিয়ে গুরুতর আহত করেছে পরিবহন শ্রমিকরা। ট্রাফিক পুলিশের সামনেই শ্রমিকরা শিল্প পুলিশের ওই কনস্টেবলকে রাস্তায় ফেলে বেধড়ক পিটিয়ে আহত করে। গুরুতর আহত ওই কনস্টেবলের নাম ইন্দ জিত্ কুমার মন্ডল। তিনি নারায়ণগঞ্জ শিল্প পুলিশ জোন-৪ এ দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নূর হোসেন ঢাকা যাচ্ছিলেন। পাগলা রোড থেকে তার গাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যেতে তার গাড়িকে পথ করে দিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের একাংশে যান চলাচল আটকে দেয় পরিবহন শ্রমিকরা। এসময় শিল্প পুলিশের একটি টিম দায়িত্ব পালনের জন্য আড়াইহাজার যাচ্ছিল। আটকা পড়ে পুলিশের ওই গাড়িটিও। তখন গাড়ি থেকে নেমে ইন্দ জিত্ এ ঘটনার প্র্রতিবাদ করলে তার সঙ্গে শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শ্রমিকরা মিলে কনস্টেবল ইন্দ জিেক বেধড়ক পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। আহত অবস্থায় তাকে সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ শহরের খানপুর ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন, এ ঘটনায় পরিবহন শ্রমিক সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, নারায়ণগঞ্জে চাঁদার দাবিতে একটি বাসের চালক ও হেলপারকে মারধরের ঘটনায় মঙ্গলবার সকালে প্রায় এক ঘণ্টা ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের সব কয়টি সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা।
