সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচুরি এলাকার পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ পাঁচ স্কুলছাত্রীর মধ্যে চার ছাত্রীর মৃতদেহ মঙ্গলবার উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।
ঘটনাস্থল থেকে অন্তত ১/২ কিলোমিটার ভাটিতে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে মৃতদেহগুলো উদ্ধার করা হয় বলে জানান চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী। পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন জানান, রাজশাহী থেকে আসা ডুবুরি দল ও পাবনা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দীর্ঘ ২৮ ঘন্টা পর চারজনের মৃতদেহ উদ্ধার করে। নিহতরা হলো চতুর্থ শ্রেণির ছাত্রী শারমিন আক্তার ও দুলু খাতুন এবং পঞ্চম শ্রেণির ছাত্রী চম্পা খাতুন। নিহত অপর ছাত্রীর পরিচয় জানা যায়নি। গত সোমবার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুড়িয়াডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী কোলচুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উপবৃত্তির টাকা উত্তোলনের জন্যে নৌকাযোগে পদ্মা নদী পার হচ্ছিল। হঠাত্ দমকা হাওয়া ও ঢেউয়ের কারণে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় ২৫ জনকে উদ্ধার করা হয়।
