এক যুগেরও বেশি সময় আগে বন্দরনগরী চট্টগ্রাম মীরসরাই উপজেলা সদরে মীরসরাই পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল। এই এক যুগে নাগরিক সুযোগ-সুবিধার কতটা উন্নয়ন হয়েছে তা দেখতে হলে এই বর্ষাকালে মীরসরাই পৌরসদরের কোর্ট রোড, মীরসরাই বাজারগামী কলেজ রোডসহ আশেপাশের এলাকায় রাস্তাসমূহ দেখলে বোঝা যাবে। প্রথমে তৃতীয় শ্রেণির পৌরসভা করা হলেও বর্তমানে দ্বিতীয় শ্রেণির পৌরসভায় উন্নীত করা হয়েছে। তা সত্ত্বেও রাস্তাঘাটের কোনো উন্নয়ন চোখে পড়েনি। কোর্ট রোড ও কলেজ রোড দিয়ে যাতায়াত করা দুঃসাধ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে জমে থাকা পানি ও খানাখন্দের কারণে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগী অনেককে খেদ প্রকাশ ও টিপ্পনী কাটতে দেখা যায়—“একটুখানি বৃষ্টি হলে পৌরসভা পানির তলে”। যা হোক, রাস্তাঘাটের উন্নয়নের জন্য যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আকবর হোসেন,
মীরসরাই, চট্টগ্রাম
