রোনালদিনহোর ‘বড় লক্ষ্য’

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২২:০৪
এক সময় ছিলেন ব্রাজিল ফুটবল দলের অন্যতম মূল সদস্য। ক্লাব ফুটবলে মাতিয়েছেন বার্সেলোনা আর এসি মিলানের মতো দলের হয়ে। কিন্তু নিজের স্বর্ণালী সময়টা বেশ আগেই পিছনে ফেলে এসেছেন রোনালদিনহো। ব্রাজিলের ঘরোয়া ফুটবল লিগই যেন তার ধ্যান জ্ঞান। আর আজ ব্রাজিলিয়ান ক্লাব অ্যাতলেটিকো মিনেইরোকে কোপা লিবারতাদোরেস শিরোপা জেতানোই মূল লক্ষ্য রোনালদিনহোর। প্যারাগুয়ের অলিম্পিয়ার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ২-০ গোলে হারের পর এখন ব্যাকফুটে ব্রাজিলিয়ান ক্লাব মিনেইরো। শিরোপা জয়ের জন্য তাই বড় ব্যবধানে জয়ের কোন বিকল্প নেই দলটির সামনে। বাস্তবতাটা তাই রোনালদিনহোরও জানা। তাই নিজেদের লক্ষ্যটাও বড় করে ফেলেছেন এই তারকা। তিনি বলেন, ‘আমরা আক্রমণ করতে একবারও পিছপা হবো না। তারা (অলিম্পিয়া) যদি ভেবে থাকে যে তারা কড়া ডিফেন্স দিয়ে আমাদের আটকে ফেলতে পারবে তাহলে তাদের বলে দেয়া উচিত যে তারা ভুল করছে।’ নিজেদের মাটিতে খেলা বলে এগিয়ে থাকবে মিনেইরো। এবার শিরোপা জিতলে চতুর্থবারের মতো এই ট্রফি নিজেদের করে নিবে অলিম্পিয়া। অন্যদিকে রোনালদিনহো কিংবা তার ক্লাব কেউই এখন পর্যন্ত এই ট্রফি জয়ের সুযোগ পাননি। ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ ও ২০০৬ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে উয়েফা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলেও এখন পর্যন্ত মহাদেশীয় এই ট্রফি জয়ের সুযোগ আসেনি রোনালদিনহোর সামনে। তাই রোনালদিনহোর সামনেও আজ ‘অদেখা’ এই ট্রফি জয়ের সুযোগ থাকছে। ফাইনাল খেলার সুযোগ পেয়ে দু্বারের ফিফা বর্ষসেরার পুরস্কার জয় করা রোনালদিনহো নিজেকে ভাগ্যবান মানছেন এবং ‘আমি সৌভাগ্যবান যে আমি ফাইনাল খেলার সুযোগ পাচ্ছি। আমি জয় দিয়ে দেশ ও ক্লাবের জন্য সম্মান বয়ে আনতে চাই। আমি জানি ক্লাবের জন্য এই ট্রফি অনেক বড় এক ব্যাপার। তাদের ইতিহাসেই এটা প্রথমবারের মতো ঘটছে। তাই ট্রফিটা তুলে ধরা হবে আমাদের ইতিহাসের অন্যতম সেরা অর্জন।’ ফাইনালের আগে রোনালদিনহো ছিলেন ক্লাবের প্রতি শতভাগ প্রতিজ্ঞাবদ্ধ। আর ব্যক্তিগত সাফল্য নয় বরং দলগত সাফল্যের লক্ষ্যেই মাঠে নামবেন বলে জানালেন। তিনি বলেন, ‘আমার ভাবনা আমার দলকে নিয়ে। এটা অবশ্যই বড় একটা দিন। আর সেটা শুধু আমার জন্য নয়, আমার দলের জন্যও বটে। আর সেই দিনে আমি দলের হয়ে কাজ করতে চাই। গোল করতে চাই, করাতে চাই। ক্লাবের ইতিহাস গড়ার সাক্ষী হতে চাই।’ সবশেষে ক্লাবের সমর্থকদের প্রতি ধন্যবাদ জানিয়ে রোনালদিনহো বলেন, ‘আমি সব সময় আমার সব সমর্থকদের প্রতি কৃতজ্ঞ থাকি। কারণ শুধু তাদের সমর্থনেই আমি এতোটুকু পথ পাড়ি দিতে পেরেছি। আর অ্যাতলেটিকো এখন আমার নিজের বাড়ির মতো। আর এখানকার সমর্থকদের ভালবাসায় আমি গর্বিত। এখন আমি তাদের এই ভালবাসার প্রতিদান দিতে চাই। এই ট্রফি জয়টাই হবে তাদের জন্য সবচেয়ে বড় উপহার।’