খাগড়াছড়িতে জনসংহতি সমিতির কর্মী গুলিবিদ্ধ

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২২:২২
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলি ইউনিয়ন সদরে প্রতিপক্ষের হামলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস সন্তু গ্রুপ) এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ কর্মীর নাম সুজল চাকমা (২২)। তিনি বর্মাছড়ি মুখপাড়া এলাকার জলধর চাকমার ছেলে। তাকে লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেয়ার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টায় দুল্যাতলির সদর এলাকায় একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। মোটর সাইকেল আরোহী দুই অস্ত্রধারী সুজল চাকমাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হামিদ উল হক জানান, চট্টগ্রামে পাঠানোর সময় গুলিবিদ্ধ ব্যক্তির অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। জেএসএস (সন্তু) গ্রুপের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সভাপতি ধীমান চাকমা এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করলেও ইউপিডিএফ’র মিডিয়া সেলের প্রধান নিরন চাকমা ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন।