ইসলাম বিরোধী সরকারের সামনে করুণ পরিণতি অপেক্ষা করছে

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২২:২৩
বরিশালে হেফাজতে ইসলামের আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা বলেন, ইসলাম বিদ্বেষী বর্তমান মহাজোট সরকার ৫ মে শাপলা চত্বরে ইতিহাসের বর্বরোচিত গণহত্যা চালিয়ে এদেশ থেকে ইসলামের আলো ও আলেম ওলামাদের আন্দোলনকে নিভিয়ে দিতে চেয়েছিল। কিন্তু মহান আল্লাহ সরকারের এধরনের ঘৃণ্য চক্রান্তকে চরমভাবে ব্যর্থ করে দিয়েছেন। ৫টি সিটি করপোরেশনের মানুষ ইসলাম বিরোধী এই সরকারকে প্রত্যাখ্যান করে তাদের সকল চক্রান্তের জবাব দিয়েছে। তাই পরাজিত এই অপশক্তি দিশেহারা হয়ে এখন আলেম ওলামাদের বিরুদ্ধে নানা অপপ্রচার ও জেল-জুলুমের পথ বেছে নিয়েছে। মহাজোট সরকারের এধরনের অপতত্পরতার কারণে তাদের সামনে আরো করুন পরিণতি অপেক্ষা করছে বলে উল্লেখ করেন বক্তারা। গতকাল বুধবার বিকালে হেফাজতে ইসলাম বরিশাল মহানগর শাখার উদ্যোগে নগরীর বটতলা জামেয়া মাদানিয়া হাজী ওমর শাহ মাদ্রাসা কমপ্লেক্সে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন। শায়খুল হাদিস মুফতি শাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামীর মহানগর আমির মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, সেক্রেটারি মাওলানা আবদুল হালিম, জেলা আমির মাওলানা আবদুল খালেক, সেক্রেটারি মাওলানা আবদুস সামাদ, বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবদুল মান্নান, সেক্রেটারি মাওলানা শাসুল আলম, মাওলানা হাফেজ রুহুল আমিন, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা রুহুল আমিন খান, মাওলানা গোলাম মোস্তফা, মুফতি সুলতান মাহমুদসহ জেলা ও মহানগর হেফাজত নেতৃবৃন্দ।