আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিক পেটানোর অভিযোগে গ্রেফতারকৃত নিজ দলের সংসদ সদস্য গোলাম মাওলা রনি প্রসঙ্গে বলেছেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। আদালতে রনি দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। আইনের চোখে দোষী প্রমাণিত কোন ব্যক্তির রাজনীতিতে থাকা সমীচীন হবে না। গতকাল বুধবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, আমাদের দলের অবস্থান হলো, কেউ অন্যায় করলে উপযুক্ত আইনের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।
