এ সরকারের অধীনেই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২২:৪৮
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জোটের সকল অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগ সরকার জাতিকে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। নির্বাচনের সময় বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করবে। শক্তিশালী নির্বাচন কমিশনের পরিচালনায় এ নির্বাচনে গণতন্ত্রের ধারা আরো সমুন্নত হবে । তিনি গতকাল বুধবার ভোলা সদরের উত্তর দিঘলদি ইউনিয়নের ঘুইঙ্গারহাট ইউনিয়ন কাউন্সিল অফিস সংলগ্ন চত্বরে আওয়ামী লীগ আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন । তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি আওয়ামী লীগ নেতা-কর্মীদের আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগ সাড়ে চার বছরে ব্যাপক উন্নয়ন করেছে। আর পুরোটা সময় বিএনপি-জামায়াত জোট মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ষড়যন্ত্র করেছে। লিয়াকত হোসেন মনসুুরের সভাপত্বিতে অন্যদের মধ্যে জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন, সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ বক্তৃতা করেন।