যুক্তরাজ্যে অবস্থানরত অবৈধ ইমিগ্র্যান্টদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জন্য ভ্যান গাড়িতে বিজ্ঞাপন প্রচার করছে দেশটির সরকার। ভ্যানের গায়ে রঙিন পোস্টারে সাঁটা এ বিজ্ঞাপনে বলা হয়েছে-‘যুক্তরাজ্যে অবৈধভাবে বসবাস করছেন? ফ্রি পরামর্শ এবং ট্রাভেল ডকুমেন্টের জন্য সহায়তা পেতে ‘হোম’ লিখে ক্ষুদেবার্তা পাঠান ৭৮০৭০ নাম্বারে। কোনো ধরনের গ্রেফতার কিংবা আটক রাখা ছাড়াই আমরা আপনাকে দেশে ফিরে যেতে সাহায্য করব’। সেচ্চায় বিদায় না নিলে অবৈধ ইমিগ্র্যান্টদের গ্রেফতার করে দেশে ফেরত পাঠানো হবে বলে বিজ্ঞাপনে হুঁশিয়ার করে দেয়া হয়।গত ২২ জুলাই সোমবার থেকে এসব বার্তা লেখা বিজ্ঞাপনে মোড়ানো ভ্যান লন্ডনের বিভন্ন এলাকা চষে বেড়াচ্ছে। তবে সরকারের এমন পদক্ষেপে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। এর ফলে সমাজে বিভাজন সৃষ্টি হবে বলে আশংকা প্রকাশ করেছেন তারা।
সরকারি হিসাবে প্রায় ২ লাখ ইমিগ্র্যান্ট তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাজ্যে বসবাস করছেন। এসব ইমিগ্র্যান্টদের ব্রিটেন থেকে বিতাড়নে ইউকে বর্ডার এজেন্সি সাঁড়াশি অভিযান চালানোর পাশাপাশি ব্রিটেনে অবৈধদের বসবাস কঠিন করে তুলতে আইনের নানা কড়াকড়ি আরোপ করে। তারপরও উল্লেখযোগ্য কোনো সফলতা না আসায় নতুন ফর্মূলা হিসেবে হোম অফিস ভ্যানে বিজ্ঞাপন প্রচারের এ উদ্যোগ নিল।
হোম অফিসের মতে, একজন অবৈধ ইমিগ্র্যান্টকে গ্রেফতার করে ব্রিটেন থেকে বিতাড়নে ব্রিটিশ সরকারের খরচ হয় প্রায় ১১ হাজার পাউন্ড; কিন্তু ভ্যানে এ বিজ্ঞাপন প্রচারের জন্য সরকারের মোট খরচ হচ্ছে মাত্র ১০ হাজার পাউন্ড। সে হিসেবে মনে করা হচ্ছে যে, অন্তত একজন অবৈধ ইমিগ্র্যান্ট যদি এ বিজ্ঞাপনের কারণে ব্রিটেন ত্যাগ করে তাহলে তাদের এই বিজ্ঞাপনের খরচ পুষিয়ে যাবে।
