ধারাবাহিকভাবে কোনো নিয়ম মেনে চলা খুবই কষ্টকর; কিন্তু সেটা এক কিংবা দু্ই বছর নয়। সেটা যদি ৪৫ বছর ধরে হয় তাহলে সেটা আরো বিস্ময়কর কিংবা অসাধ্য মনে হবে। আর সেই অসাধ্য সাধন করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক নাগরিক। খবর ইউপিআই ডট কমের।
মার্ক কভার্ট (৬২) গত ৪৫ বছর ধরে একইভাবে দৌড়াচ্ছেন। প্রতিদিন তিনি এক মাইল করে দৌড়ান। ৪৫ বছরে তিনি ১৬ হাজার ৪৩৭ দিন দৌড়েছেন। তিনি জানান, এক সময় তিনি ল্যান্স্যাস্টারের মারাদাউরাস স্টেডিয়ামের চারপাশে প্রতিদিন এক মাইল করে দৌড়ানোর পরিকল্পনা করেন এবং গত ৪৫ বছর ধরে এই নিয়ম মেনে চলছেন। এখন তিনি এর পরিসমাপ্তি চান। তিনি বলেন, যেখানে কেউ এক বছর ধরে একইভাবে দৌড়ানোর কল্পনা করতে পারেন না। সেখানে আমি ৪৫ বছর ধরে করছি। তবে তিনি এখন থেকে বাইসাইকেল চালাবেন বলে জানান।
