বেতন-ভাতার দাবিতে ইন্টার্ন চিকিত্সকদের ধর্মঘট শুরু

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২২:৪৯
বেতন-ভাতা প্রদানসহ তিন দফা দাবিতে গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিত্সকরা। ধর্মঘটের ফলে চরম বিপাকে পড়েছেন হাসপাতালে আসা ও চিকিত্সাধীন রোগীরা। ইন্টার্ন চিকিত্সকদের প্রতি দ্রুত ধর্মঘট প্রত্যাহরের আহ্বান জানিয়েছেন রোগী এবং তাদের আত্মীয়-স্বজনরা। এদিকে দাবি আদায়ে দুপুরে হাসপাতাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ইন্টার্ন চিকিত্সকরা। বক্তারা বলেন, ইন্টার্নশিপ চলাকালে তাদের কোন বেতন দেয়া হয় না। এর পরিবর্তে প্রতিমাসে ১০ হাজার টাকা করে ভাতা দেয়া হয়; কিন্তু কোন কারণ ছাড়াই গত মে ও জুন মাসের ভাতা বন্ধ রয়েছে। এছাড়া হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক টয়লেট-বাথরুম নির্মাণ, পুরনোগুলোর সংস্কার ও ইন্টার্ন হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান চিকিত্সকরা। তারা বলেন, বিষয়টি হাসপাতাল পরিচালককে জানানো হলেও কোন ব্যবস্থা না নেয়ায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। সমাবেশ শেষে হাসপাতাল পরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এ ব্যাপারে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. গোলাম মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। বেতন-ভাতার চিঠি আগামী ২/১ দিনের মধ্যে চলে আসবে।