বানারীপাড়ায় নিহত জাসদ নেতার হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবি

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২২:৫০
বরিশালের চাখারে নিহত উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হুমায়ুন কবিরের হত্যাকাণ্ডে জড়িতদের শিগগিরই গ্রেফতার ও বিচারের সম্মুখীন হওয়ার দাবি জানানো হয়েছে। গত মঙ্গলবার নিহতের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এ সময় মুঠোফোনে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, কবির হত্যাকাণ্ডের মাধ্যমে ঘাতকরা প্রমাণ করেছে তারা দল, সমাজ, দেশ ও মানুষের শত্রু। হত্যাকারীদের গ্রেফতারের জন্য ইতিমধ্যে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। সভা থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু ও সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সালামকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওসি গোলাম ছরোয়ার, চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মজিবর রহমান, নিহত হুমায়ুন কবিরের ভাই সৈয়দ কায়কোবাদ প্রমুখ।