চট্টগ্রামে ছাত্রদলের তাণ্ডবে লণ্ডভণ্ড বিএনপি কার্যালয়

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২২:৫৩
নগর ছাত্রদলের নব ঘোষিত কমিটি বাতিলের দাবিতে চট্টগ্রাম বিএনপির কার্যালয় নাসিমন ভবনে তুলকালাম কাণ্ড ঘটিয়েছে পদবঞ্চিতরা। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে তারা কার্যালয়ের পেছন দিক দিয়ে ভেতরে প্রবেশ করে। এসময় তারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে আগুন দেয়া ছাড়াও অফিসের আসবাবপত্র ভাংচুর করে ও আগুন ধরিয়ে দেয়। বিক্ষুব্ধ কর্মীরা ভবনের সামনে টানানো বিএনপি নেতাদের ছবি সংবলিত পোস্টার ব্যানার ছিঁড়ে সেগুলোতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় নাসিমন ভবনে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে। নাসিমন ভবনের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম এ ঘটনায় বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন এ হামলার জন্য কাট্টলি এলাকার ছাত্রদল নেতা মঞ্জুরুল আলম মঞ্জু এবং নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত সহকারি সেলিমকে দায়ি করেছেন। গতকাল বিকালে তিনি ইত্তেফাককে বলেন, মঙ্গলবার রাত ১০টায় মঞ্জুর বাসায় হামলার ষড়যন্ত্র হয়। বুধবার দুপুর ১২টার দিকে সেলিম (আমীর খসরুর ব্যক্তিগত সহকারি) নাসিমন ভবনে ছাত্রদল কর্মীরা হামলা করতে পারে বলে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের অগ্রিম খবর প্রদান করেন। হামলার ঘটনায় কমপক্ষে ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ডা. শাহাদাত দাবি করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নগর ছাত্রদলের নতুন কমিটিতে স্থান না পাওয়া নেতাকর্মীরা বুধবার দুপুর আড়াইটার দিকে কাজীর দেউরী মোড় থেকে একটি মিছিল বের করেন। নব গঠিত কমিটির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে মিছিলটি দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মিছিলকারীরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মহিউদ্দিন সেলিম সাংবাদিকদের বলেন, সমপ্রতি ঘোষিত ছাত্রদলের কমিটিতে স্থান না পাওয়ায় কিছু উচ্ছৃঙ্খল যুবক নাসিমন ভবনের বিএনপি কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। চট্টগ্রাম মহানগর বিএনপির নিন্দা মহানগর বিএনপির নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ বেগম রোজী কবির, মহানগর সহ-সভাপতি সামশুল আলম, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান প্রমুখ। নেতৃবৃন্দ গতকাল এক বিবৃতিতে বলেন, এই ঘটনা অনাকাঙ্খিত ও ন্যক্কারজনক। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেন।